বিশ্বের বৃহত্তম থিমপার্ক হচ্ছে আবুধাবিতে
ফর্মুলা ওয়ান রেস আয়োজনের এক বছর পর আরও বড় আকর্ষণ নিয়ে আসছে আবুধাবি। সংযুক্ত আরব আমিরাতের এই রাজধানীতে ইতালির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা ফেরারির নামে একটি বিশাল আকারের থিমপার্ক (বিনোদন কেন্দ্র) তৈরি হচ্ছে।ফেরারি ওয়ার্ল্ড নামের এই থিমপার্ক হবে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর থিমপার্ক। এর আয়তন ৮৬ হাজার বর্গমিটার।গত সোমবার ফেরারি ওয়ার্ল্ড আবুধাবি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী ১০০ দিনের মধ্যে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। উদ্বোধনের সম্ভাব্য তারিখ ২৮ অক্টোবর। আবুধাবি কর্তৃপক্ষ আশা করছে, এই পার্ক উদ্বোধনের পর সেখানে পর্যটকদের সংখ্যা বাড়বে।পার্কের অন্যতম বড় আকর্ষণ একটি রোলার কোস্টার যেটি একটি ফেরারি ‘ফর্মুলা ওয়ান’ গাড়ির বেগে ছুটতে সক্ষম। রয়েছে একটি জি-ফোর্স টাওয়ার। দর্শনার্থীরা সেখানে মাধ্যাকর্ষণ মুক্ত হয়ে ওজনহীনতার অভিজ্ঞতা পাবেন। এ ছাড়া থাকছে ইয়াস ম্যারিনা রেস সার্কিট।ফেরারি ওয়ার্ল্ড আবুধাবির মহাব্যবস্থাপক ক্লাউস ফ্রিমান্দ বলেন, ‘পর্যটকেরা চার দেওয়ালের মধ্যে থেকেও খোলা জায়গায় থাকার অনুভূতি পাবেন এখানে। আপনি একটি ভবনের ভেতরে আছেন এটাই বুঝতে পারবেন না। কারণ, এর ছাদ ৩৫ থেকে ৫০ মিটার পর্যন্ত উঁচু।’ এই থিমপার্কটি আবুধাবিতে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করবে, এমনটিই আশা করছেন সেখানকার পর্যটন ব্যবসায়ীদের অনেকে। অবসর কাটানোর ব্যাপারে পরামর্শক প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের মহাব্যবস্থাপক গ্র্যান্ট সল্টার বলেন, আবুধাবিতে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হবে এটি। তবে শুধু এই থিমপার্ক দেখতে অনেক পর্যটক আসবে, এমনটি ভাবার কারণ নেই। বরং যারা আবুধাবিতে আসবে তাদের জন্য বিনোদনের বাড়তি উপলক্ষ হবে এই স্থানটি। থিমপার্কটি লাভজনক হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে সল্টারের। তবে তাঁর মতে, বিশ্বের বেশির ভাগ থিমপার্কেরই খরচ ওঠে না।স্থানীয় শারাফ ট্রাভেলের ব্যবস্থাপক প্রেমজিৎ বাঙ্গারা সল্টারের চেয়ে বেশি আশাবাদী। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে গাড়ির রেসের ব্যাপারে আগ্রহী অনেকেই এখানে আসবে। বিখ্যাত লুভ ও গুগেনহাইম জাদুঘরের শাখা খোলারও উচ্চাভিলাষী প্রকল্প নিয়েছে আমিরাতটি। এএফপি।