বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পার্ক!
বিশ্বের বৃহত্তম সংরক্ষিত সামুদ্রিক পার্ক (!) গড়ে তুলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ওই এলাকায় মাছ ধরা এবং তেল-গ্যাস অনুসন্ধানে বিধিনিষেধ থাকবে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশবিষয়ক সম্মেলন সামনে রেখে এ ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় সরকার।অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত প্রবাল সাগরসহ মোট ৩১ লাখ বর্গকিলোমিটার এলাকা এই সংরক্ষিত এলাকার আওতায় থাকবে। সব মিলিয়ে এটি অস্ট্রেলিয়ার জলসীমার তিন ভাগের এক ভাগ। অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী টনি বার্ক আগামী সপ্তাহে অনুষ্ঠেয় রিও+২০ ধরিত্রী সম্মেলনের আগে এই ঘোষণা দিলেন। মন্ত্রী বার্ক বলেন, ‘আমাদের সব সাগরের একাংশ সংরক্ষণের আওতায় আনার এখনই সময়। আগামী দিনের সেই পদক্ষেপে অস্ট্রেলিয়া নেতৃত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা সমুদ্রে কার্যত সাগরে একটি জাতীয় পার্ক গড়ে তুলছি।’রিও সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের নেতারা অংশ নেবেন। তাঁরা সাগরসহ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশগুলো কীভাবে রক্ষা করা যায়, সে উপায় খুঁজে বের করতে আলোচনা করবেন। অস্ট্রেলিয়া গত বছর প্রবাল সাগরের জীববৈচিত্র্য রক্ষায় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। প্রায় ১০ লাখ বর্গকিলোমিটার আয়তনের এই প্রবাল সাগর হাঙ্গর, টুনা, গ্রীষ্মমণ্ডলীয় প্রবাল এবং গভীর গিরি খাতের জন্য বিখ্যাত। বিবিসি।