বিশ্বের বড় কয়েকটি শেষকৃত্য
এবার বিদায়ের পালা। চলছে তারই আয়োজন। সারা বিশ্ব থেকে আসবেন নেতারা। উপস্থিত থাকবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত তিনজন প্রেসিডেন্ট।
১৫ ডিসেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মহানায়কের। জন্মস্থান পূর্ব কেপ প্রদেশের কুনু গ্রামে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
মাদিবার শেষকৃত্যে থাকবেন বলে ইতিমধ্যে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ চীন, কিউবা, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা।
রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরাও এই অনুষ্ঠানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিকট ইতিহাসে এটিই হতে যাচ্ছে ক্ষমতাধর ব্যক্তিদের উপস্থিতিতে সবচেয়ে বড় আন্তর্জাতিক শেষকৃত্যানুষ্ঠান।
এর আগে পোপ দ্বিতীয় জন পল, প্রিন্সেস ডায়ানা, প্রেসিডেন্ট জন এফ কেনেডি, উইন্সটন চার্চিলসহ অনেক খ্যাতিমান, প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্বের শেষকৃত্যে বিশ্বনেতাসহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। কিন্তু ম্যান্ডেলার অনুষ্ঠানটি ছাপিয়ে যেতে পারে এর সব কটিকে।
এই প্রেক্ষাপটে কয়েকটি বড় শেষকৃত্যানুষ্ঠানের উপস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো:
উইন্সটন চার্চিল: ১৯৬৫ সালে যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যে চারজন রাজা, দুজন রানি ও ফরাসি জেনারেল শার্ল দ্য গল ছাড়াও ১১৩টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিনিধি যোগ দেন। শ্রদ্ধা জানায় কয়েক লাখ মানুষ।
পোপ দ্বিতীয় জন পল: ২০০৫ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাকসহ ৮০টিরও বেশি দেশের প্রতিনিধি রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধানের শেষকৃত্যে অংশ নেন। তাঁদের মধ্যে সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট ছিলেন। সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হয়েছিল অন্তত তিন লাখ মানুষ।
জন এফ কেনেডি: ১৯৬৩ সালে ২৮ জন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজা সমবেত হন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্টের শেষকৃত্যে। ওয়াশিংটনের রাস্তায় তাঁর কফিন বহনের সময় দুই পাশে সমবেত হয়েছিল লাখ লাখ মানুষ।
আইজ্যাক রবিন: ১৯৯৫ সালে ইসরায়েলের সাবেক এ প্রধানমন্ত্রীর শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ছাড়াও ৪০টির বেশি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অংশ নেন। তাঁর মৃত্যুর তিন বছর আগেও তা ছিল কল্পনাতীত। ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথে প্রশংসনীয় ভূমিকা রাখাই ছিল এর কারণ।
প্রিন্সেস ডায়ানা: ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ বেশ কিছু দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন ডায়ানার শেষকৃত্যে। ডায়ানার বন্ধুবান্ধব ও দাতব্য সংস্থার কর্মীদের অনুষ্ঠানে সুযোগ করে দিতে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কম। এটি ১৯৯৭ সালের কথা।
মাও সে তুং: ১৯৭৬ সালে চীনা বিপ্লবের নেতার স্মরণ অনুষ্ঠানে ১০ লাখ লোক অংশ নিয়েছিল। কিন্তু সেদিনও বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার ধারাবাহিকতা ধরে রেখেছিল চীনা সরকার। বেইজিংয়ের ওই স্মরণ অনুষ্ঠানে বিদেশি কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।
আনোয়ার সাদাত: মিসরের সাবেক এই প্রেসিডেন্টের শেষকৃত্যে তিনজন মার্কিন সাবেক প্রেসিডেন্ট যোগ দেন। এ ছাড়া বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেন। ওয়াশিংটন পোস্ট।