বিশ্বের বড় বড় ব্যাংকে লিবিয়ার কোটি কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বড় কয়েকটি খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠানে লিবিয়ার রাষ্ট্রীয় তহবিলের কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে এইচএসবিসি, রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, গোল্ডম্যান স্যাকস, মরগ্যান চেজ, নোমুরা অ্যান্ড সোসাইটি জেনারেল অন্যতম। সম্প্রতি ফাঁস হওয়া একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রচার সংগঠন গ্লোবাল উইটনেস এ কথা জানায়। বর্তমানে ওই সব সম্পদ ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ জব্দ করেছে। তবে এসব ব্যাংকের কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। ২০১০ সালের জুনের আর্থিক বিবরণীতে দেখা গেছে, এইচএসবিসি ব্যাংকের ১০টি হিসাবে জমা থাকা লিবীয় সরকারের অর্থের পরিমাণ ২৯ কোটি ২৭ লাখ ডলার। এ ছাড়া প্রায় একই পরিমাণ অর্থ ব্যাংকের একটি তহবিলে জমা রয়েছে। গোল্ডম্যান স্যাকসের তিনটি হিসাবে আছে চার কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া প্রায় চার কোটি ডলার বিনিয়োগের মধ্যে সোসাইটি জেনারেলের রয়েছে এক কোটি ডলার। জাপানের ব্যাংক নোমুরা এবং ব্যাংক অব নিউইয়র্কে ৫০ কোটি ডলার করে অর্থ রয়েছে। বিবিসি।