বিশ্বের শক্তিশালী নেতাদের ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্ঘুম রাত’ শব্দটি সারা বিশ্বের ক্ষমতাধর লোকদের জন্য একটা নিয়মিত ব্যাপার। রাষ্ট্রের কাজে ব্যস্ততার কারণে ‘আরামের’ ঘুম তাঁদের জন্য প্রায় হারাম হয়ে যায়। কাজ করতে করতে হয়ে যায় মধ্যরাত। আবার পরদিনের কাজের জন্য উঠতে হয় খুব ভোরে। অনেকে রাতে চার-পাঁচ ঘণ্টা ঘুমাতেন। কেউ কেউ কম এবং কেউ কেউ একটু বেশি ঘুমাতেন। বিশ্বের এমন ক্ষমতাধর সাতজন ব্যক্তির ঘুম নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে ভারতের ইকোনমিকস টাইমস। পাঠকের জন্য তা তুলে ধরা হলো।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প
ধনকুবের থেকে মার্কিন প্রেসিডেন্ট বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন ২০ জানুয়ারি। এরপর থেকেই শুরু হয়েছে তাঁর নতুন জীবন। মার্কিন প্রেসিডেন্ট মানেই নানান কাজে দিনভর ব্যস্ত থাকতে হয় ট্রাম্পকে। ব্যস্ততার কারণে এই জীবনে তিনি রাতে নাকি মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমানোর জন্য সময় পান। ক্ষমতায় আসার পরই নানান কারণে সমালোচনার মুখে পড়া ট্রাম্প এ সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, দীর্ঘ ঘণ্টা কাজ করছি, রাত ১২টার পরও অনেক সময় কাজ করতে হয়।’ কখন ঘুম থেকে ওঠেন—এ উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয়। এরপর কিছু খেয়েই পত্রিকা পড়তে বসে যাই। এরপরই কী হচ্ছে তা দেখতে বসি টিভি সেটের সামনে।’
ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের ঘুম ও ঘুমের অভ্যাস করা প্রতিবেদনেও ট্রাম্পের ঘুমের কথা বলা হয়েছে।

বারাক ওবামা। ছবি: সংগৃহীত
বারাক ওবামা। ছবি: সংগৃহীত

বারাক ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতার বাইরে গেছেন কয়েক দিন হলো। ক্ষমতায় থাকার সময় একটি টক শোতে ওবামা বলেছিলেন, ‘আমি রাত দুইটা পর্যন্ত জেগে থাকতাম। এ সময় পরদিনের জন্য ব্রিফিংগুলো পড়তাম এবং কাজ করতাম।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বারাক ওবামার অফিস রাত একটা পর্যন্ত পাঠানো ই-মেইল গ্রহণ করেছে। পলিটিকো পত্রিকার মতে, হোয়াইট হাউসের স্টাফ এবং বক্তৃতা লেখকেরা রাত ১১টা পর্যন্ত কাজ করার ব্যাপারে অভ্যস্ত ছিলেন। বারাক ওবামা রাতে প্রায় পাঁচ ঘণ্টা ঘুমাতেন।

থেরেসা মে। ছবি: রয়টার্স
থেরেসা মে। ছবি: রয়টার্স

থেরেসা মে
ব্রেক্সিটের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থেরেসা মে। ইউরোপের অন্যতম একটি শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী তিনি। এর আগে তিনি ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৪ সালে একটি দ্বীপে এক সাক্ষাৎকারে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, ‘সৌভাগ্যবশত আমি এমন একজন, যার ঘুম ভালো হয়। আমি যতক্ষণ ঘুমাতে পছন্দ করি, ততটা সময় পাই না। সম্ভবত পাঁচ বা ছয় ঘণ্টা পাই। অনেক কাজ যে করার থাকে।’
গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর, এটা অনুমান করাই যায় যে সেই সময় থেকে এক ঘণ্টা এখন কম ঘুমাতে হয় থেরেসা মে-কে। সম্প্রতি থেরেসা সানডে টাইমসকে বলেন, ‘আমার যে কাজের ধরন, এতে আপনি ঘুমানোর জন্য অনেক সময় পাবেন না।’

নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই।
নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে থাকেন, তাঁকে দিনে প্রায় ২০ ঘণ্টা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়।
গুজরাটের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘুমের জন্য খুব অল্প সময় পাই আমি। আমার চিকিৎসক বন্ধুরা উপদেশ দিয়ে বলেন, আমার বেশি সময় ঘুমানো উচিত বা ঘুমের সময় বাড়ানো উচিত। আমার পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু আমি কাজপাগল মানুষ হয়ে পড়েছি এবং অনেক দিন ধরেই কাজ করতে করতে আগে আমি মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমাতাম। কিন্তু এই সময়টুকুও খুব গভীর ঘুম হয়। আমি বিছানায় যাওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়ি।’ নরেন্দ্র মোদি ২০১১ সালে এসব কথা বলেছিলেন। নরেন্দ্র মোদির এতক্ষণ জেগে থাকার রহস্য নাকি যোগব্যায়াম।

মার্গারেট থ্যাচার। ছবি: রয়টার্স
মার্গারেট থ্যাচার। ছবি: রয়টার্স

মার্গারেট থ্যাচার
যাঁরা বিনিদ্র রজনী কাটান, তাঁদের মধ্যে অভিজাত শ্রেণিতে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ডাউনিং স্ট্রিটের প্রেস সচিব স্যার বার্নার্ড ইংহামের বরাত দিয়ে দেশটির দ্য টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, লৌহমানবী-খ্যাত থ্যাচার খুব ভোরে ঘুম থেকে উঠে রেডিও ফোর শুনতেন। বার্নার্ড ইংহাম বলেন, ‘কর্মদিবসের রাতে মার্গারেট থ্যাচার চার ঘণ্টা করে ঘুমাতেন। আমি সপ্তাহান্তে তাঁর সঙ্গে ছিলাম না। তবে মনে হয়, কর্মদিবসের চেয়ে একটু বেশি ঘুমাতেন।’

উইনস্টন চার্চিল। ছবি: রয়টার্স
উইনস্টন চার্চিল। ছবি: রয়টার্স

উইনস্টন চার্চিল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ও নোবেলজয়ী সাহিত্যিক উইনস্টন চার্চিল ঘুমাতেন মাত্র চার ঘণ্টা। বিকেল পাঁচটার দিকে হুইস্কি খেয়ে তিনি দুই ঘণ্টার জন্য হালকা (ন্যাপ) ঘুমাতেন। চার্চিল বলতেন, তাঁর এই কৌশলগত ঘুমের ফলে তিনি কাজের শক্তি পেতেন।

বেরলুসকোনি। ছবি: রয়টার্স
বেরলুসকোনি। ছবি: রয়টার্স

সিলভিও বেরলুসকোনি
নানা কারণে সমালোচিত ছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। কর জালিয়াতি, নারী কেলেঙ্কারিসহ নানা বিষয়ে তিনি গণমাধ্যমের শিরোনাম হতেন। তিনি নাকি রাতে দুই-চার ঘণ্টা ঘুমাতেন। একবার নিজের প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘আমি যদি তিন ঘণ্টা ঘুমাতে পারি, তবে অপর তিনজনকে ভালোবাসার জন্য শক্তি সঞ্চয় করে ফেলি।’