বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হুয়ানা!
নভেম্বরে তাঁর বয়স হবে ১২১ বছর। এ বয়সেও দিব্যি কফিবীজ তুলতে পারেন, চরাতে পারেন মেষ। ধারণা করা হচ্ছে, তিনিই বিশ্বের সবচয়ে বয়স্ক নারী। গুয়াতেমালার এই নারীর নাম হুয়ানা কক্স ইয়াক।
আজ বুধবার গুয়াতেমালার একটি রাষ্ট্রীয় পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৮৯৩ সালের ২৯ নভেম্বর গুয়াতেমালার সান্তা লুসিয়া উতাতলান গ্রামে হুয়ানার জন্ম। তিনি কাকচিকেল মায়া নামের একটি নৃ-গোষ্ঠীর সদস্য। কিশোরী থাকাকালে হুয়ানা কফিবীজ সংগ্রহ এবং ভেড়া-ছাগল চরানোর কাজ করতেন। ১৫ বছর বয়সে তাঁর প্রথম বিয়ে হয়। বিয়ের নয় বছর পর প্রথম স্বামীর মৃত্যু হয়। এই সংসারে হুয়ানার দুই সন্তান ছিল। তাঁরা এখন বেঁচে নেই।
প্রথম স্বামীর মৃত্যুর পাঁচ বছর পর ২৯ বছর বয়সে আবার বিয়ে করেন হুয়ানা। এই সংসারে সাত সন্তানের জন্ম হয়। ১৯৬৪ সালে আবার স্বামী হারান তিনি।
হুয়ানা এখন বিশাল এক পরিবারে বাস করেন। আত্মীয়স্বজন মিলে ওই পরিবারে মোট সদস্যসংখ্যা ৭৫ জন।
তবে হুয়ানার বয়স যাচাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কি না, তা জানা যায়নি।
গুয়াতেমালার রাষ্ট্রীয় ওই পত্রিকার খবরে জানানো হয়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এ মুহূর্তে সবচেয়ে বয়স্ক নারী হচ্ছেন জাপানের মিসাও ওকাওয়া। গত ৫ মার্চ তাঁর বয়স হয়েছে ১১৬।