বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তারকা অপরাহ উইনফ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তারকার তালিকার শীর্ষস্থানটি আবারও দখল করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। এ নিয়ে তিনি চারবার ফোর্বস-এর তালিকার শীর্ষস্থান দখল করলেন। আয় ও গণমাধ্যমে উপস্থিতির ভিত্তিতে প্রতিবছর ফোর্বস সাময়িকী ১০০ জন ক্ষমতাধর তারকার তালিকা করে। হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে টপকে এবার শীর্ষস্থানটি দখল করেছেন অপরাহ উইনফ্রে। তালিকায় অ্যাঞ্জেলিনা জোলির অবস্থানের এবার অনেক অবনতি হয়েছে। শীর্ষস্থান থেকে ছিটকে তিনি চলে গেছেন ১৮তম স্থানে। অপরাহ উইনফ্রে গত এক বছরে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। আগামী বছরই তাঁর মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেল চালু হতে যাচ্ছে। এবার দ্বিতীয় ক্ষমতাধর তারকা নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিয়ন্স নোলস। গত এক বছরে তাঁর আয় হয়েছে আট কোটি ৭০ লাখ ডলার। ফ্যাশন ও বিনোদন জগতে তুমুল হাঁকডাক ফেলে দেওয়ার পুরস্কারস্বরূপ তিনি এ স্বীকৃতি অর্জন করলেন। টাইটানিকখ্যাত হলিউডের পরিচালক জেমস ক্যামেরন রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র অ্যাবাটার-এর কল্যাণে তিনি এ খ্যাতি অর্জন করলেন। ছবিটি পরিচালনা ও অন্যান্য উৎস থেকে তাঁর আয় হয়েছে ২১ কোটি ডলার। এবারের তালিকায় সবচেয়ে আলোচিত তারকা হচ্ছেন সংগীত ও ফ্যাশন জগতের তারকা লেডি গাগা। জেমস ক্যামেরনের পরের অবস্থানটিই তিনি দখল করে নিয়েছেন। নিউইয়র্কের এ শিল্পী গত এক বছরে বিশ্বের নানা প্রান্তে কনসার্ট করেছেন। হালের জনপ্রিয় এ তারকার গত এক বছরের আয় ছয় কোটি ২০ লাখ ডলার।শীর্ষ ১০ জনের তালিকায় এবার মাত্র একজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। তিনি হলেন গলফ তারকা টাইগার উডস। বান্ধবীকে নিয়ে নানা ঝঞ্ঝাট পোহানোর পরও পঞ্চম স্থানটি দখলে গেছে তাঁর। ব্যক্তিগত ঝামেলার কারণে গত এক বছরের মধ্যে ছয় মাসই নিজেকে খেলা থেকে বিরত রেখেছিলেন। তার পরও তাঁর আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ ডলার। জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্স ষষ্ঠ ক্ষমতাধর তারকা নির্বাচিত হয়েছেন। সপ্তম হয়েছে আইরিশ রক ব্যান্ড ইউ-টু। অস্কার বিজয়ী অভিনেত্রী সান্ড্রা বুলকও এবার দারুণ উন্নতি করেছেন। শীর্ষ ১০-এ জায়গা হয়েছে তাঁর। হয়েছেন অষ্টম। গত বছর ছিলেন এ তালিকার নিচের দিকে। ৯২তম সেরা তারকা হয়েছিলেন তিনি। গত এক বছরে তাঁর আয় হয়েছে পাঁচ কোটি ৬০ লাখ ডলার। এবার তালিকায় নবম হয়েছেন অভিনেতা জনি ডেপ। আর জনপ্রিয় পপতারকা ম্যাডোনা হয়েছেন দশম। এ বছর সাত ধাপ অবনতি হয়েছে তাঁর। শীর্ষ ১০ জনের তালিকায় এবার কোনো ব্রিটিশ তারকার জায়গা হয়নি। তবে এর পরের স্থানটিই দখল করে নিয়েছেন একজন ব্রিটিশ। তিনি হলেন সংগীত তারকা সিমন কোয়েল। ১৪ ধাপ এগিয়ে তিনি এবার ১১তম স্থান দখলে নিয়েছেন। হ্যারি পটার সিরিজের তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ হয়েছেন ৮২তম ক্ষমতাধর তারকা। অভিনেত্রী কার্স্টেন স্টুয়ার্ট ও অভিনেতা রবার্ট প্যাটিনসনের কল্যাণে এবারই প্রথম আলোচনায় উঠে এসেছে টোয়াইলাইট সিরিজ। কারণ, এ সিরিজের এই দুই তারকা এবার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছেন। কার্স্টেন স্টুয়ার্ট হয়েছেন ৬৬তম এবং রবার্ট প্যাটিনসন ৫০তম। অর্থ উপার্জন ও গণমাধ্যমে উপস্থিতির পাশাপাশি ফোর্বস সাময়িকী এবার জরিপ পরিচালনাকালে সামাজিক ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে তারকাদের উপস্থিতির বিষয়টিও বিবেচনায় এনেছে। বিবিসি ও এএফপি।