বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নিনো
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ অ্যাডওয়ার্ড নিনো হার্নান্দেজ। বয়স ২৪ বছর, উচ্চতা দুই ফুট তিন ইঞ্চি (২৭ ইঞ্চি বা ৭০ সেন্টিমিটার)। ওজন মাত্র ১০ কেজি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সম্প্রতি তাঁকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রেকর্ডের অধিকারী হতে পেরে আমি খুশি, কারণ এটি অনন্য।’অনেক দিক থেকেই ব্যতিক্রম এই নিনো। তিনি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দ্রুত তালের নৃত্য পছন্দ করেন। স্বপ্ন দেখেন একটি গাড়ির। বিশেষত মার্সিডিজের মালিক হওয়ার। বিশ্বটাকেও ঘুরে দেখতে চান কলম্বিয়ার এই খর্বকায় মানুষটি। পছন্দের কয়েকজন মানুষ যেমন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভেরো ইউরিব, মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, হংকংয়ের অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্রকার জ্যাকি চ্যানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন নিনো। রাজধানী বোগোটার দক্ষিণাঞ্চলের অপেক্ষাকৃত দরিদ্র জেলা বোসার বাসভবনে এক সাক্ষাৎকারে তাঁর মা নোয়েমি হার্নান্দেজ বলেন, ‘দুই বছর বয়সের পর থেকে সে আর লম্বা হয়নি। তার আরও পাঁচ ভাই আছে।’ তিনি বলেন, নিনোর লম্বা না হওয়ার কারণ চিকিৎসকেরা কখনো ব্যাখ্যা করতে পারেননি। তাঁরা কখনো কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে বলেননি।নিনো তাঁর একজন মেয়ে বন্ধু আছে বলে জানান। তাঁর বয়স ১৮, উচ্চতা পাঁচ ফুটের কম। বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে নেচে ইতিমধ্যে বেশ কিছু টাকা-পয়সা উপার্জন করেছেন তিনি। তিনি বর্তমানে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এপি।