যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছর বিশ্বের সবচেয়ে পছন্দের পুরুষ এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সবচেয়ে পছন্দের নারী নির্বাচিত হয়েছেন। মার্কিনিদের ওপর পরিচালিত শীর্ষ জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ পোল-এর একটি মতামত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।ওবামা পুরুষ হিসেবে টানা চারবার এবং হিলারি নারী হিসেবে টানা ১০ বার বিশ্বের সবচেয়ে পছন্দের ব্যক্তি নির্বাচিত হলেন। বিশ্বের সবচেয়ে পছন্দের পুরুষদের শীর্ষ পাঁচে জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, বিলি গ্রাহাম ও ওয়ারেন বাফেটের নামও রয়েছে। এ ছাড়া নারীদের শীর্ষ পাঁচে অপরাহ উইনফ্রে, মিশেল ওবামা, সারাহ পেলিন ও কন্ডোলিৎসা রাইসের নাম রয়েছে। ১৯৯৩ সাল থেকে হিলারি বিশ্বের সবচেয়ে পছন্দের নারীর তালিকায় ১৬ বার প্রথম হয়েছেন। তবে ১৯৯৫ ও ১৯৯৬ সালে মাদার তেরেসা ও ২০০১ সালে লরা বুশ বিশ্বের সবচেয়ে পছন্দের নারী নির্বাচিত হয়েছেন। এলিনর রুজভেল্ট ১৩ বার বিশ্বের সবচেয়ে পছন্দের নারী নির্বাচিত হয়েছেন। এর পরের অবস্থানে রয়েছে মার্গারেট থ্যাচার, জ্যাকুলিন কেনেডি ও মাদার তেরেসার নাম। আর পুরুষদের ক্ষেত্রে সর্বাধিকবার বিশ্বের সবচেয়ে পছন্দের পুরুষ নির্বাচিত হয়েছেন ডুইট আইজেনহাওয়ার। তিনি ১২ বার বিশ্বের সবচেয়ে পছন্দের পুরুষ নির্বাচিত হয়েছেন। পিটিআই।