বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষের স্বীকৃতি পেলেন নেপালের খগেন্দ্র
বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন নেপালি কিশোর খগেন্দ্র থাপা মগর। গতকাল বৃহস্পতিবার ১৮তম জন্মদিনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খগেন্দ্রর হাতে এই স্বীকৃতির সনদ তুলে দেওয়া হয়।কলম্বিয়ার ২৪ বছর বয়সী এডওয়ার্ড ‘নিনো’ হারনানদেজের কাছ থেকে এই রেকর্ড ছিনিয়ে নেওয়া খগেন্দ্র হারনানদেজের চেয়েও দুই ইঞ্চি খাটো, মাত্র ২৫ দশমিক ৮ ইঞ্চি উচ্চতার।চলতি সপ্তাহে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক দল নেপালে গিয়ে খগেন্দ্রর সঙ্গে দেখা করে এবং তাঁকে চূড়ান্ত পরীক্ষা করে।একজন ফলবিক্রেতার ছেলে খগেন্দ্রর স্বপ্ন তিনি বিয়ে করবেন এবং স্ত্রীর ‘হাতব্যাগে চড়ে’ বিশ্বভ্রমণ করবেন। নেপালে ইতিমধ্যেই একটি অতিপরিচিত নাম হয়ে উঠেছেন খগেন্দ্র। বেশ কয়েকবার তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাঁকে নেপালের পর্যটন দূত করা হয়েছে।খগেন্দ্রর বাবা রূপ বাহাদুর থাপা বলেন, ‘খগেন্দ্র হয়তো ছোটখাটো, কিন্তু শারীরিক এই আকৃতিই তাকে খ্যাতি এনে দিয়েছে এবং সে এই খ্যাতি উপভোগ করছে।’ এএফপি।