বিশ্বের সবচেয়ে ভয়ংকর শিকারি প্রাণীর খুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ভয়ংকর শিকারি প্রাণীর খুলির সন্ধান পাওয়ার কথা দাবি করেছেন যুক্তরাজ্যের প্রত্নতত্ত্ববিদেরা। তবে প্রাণীটি এখন আর জীবিত নেই। সেই প্রাগৈতিহাসিক যুগে এর বিলুপ্তি ঘটেছে।যুক্তরাজ্যের ওয়েমাউথ অঞ্চলের ডোরসেট সমুদ্রতীরে একটি দানবাকৃতির সামুদ্রিক শিকারি প্রাণীর মাথার খুলি পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে ভয়ংকর সামুদ্রিক শিকারি প্রাণী প্লিওসরের জীবাশ্ম। প্রাগৈতিহাসিক জুরাসিক যুগের এ জীবাশ্মটি বর্তমানে ডোরসেট কাউন্টি জাদুঘরে রাখা আছে।ডোরসেট কাউন্টি কাউন্সিলের জুরাসিক কোস্টের ভূ-গবেষক দলের ব্যবস্থাপক রিচার্ড এডমন্ডস বলেন, ‘এটি খুব আনন্দের বিষয়। প্রথমে আমরা জীবাশ্মটিকে একগাদা হাড়ের স্তূপ হিসেবে পাই। পরে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে হাড়গুলোকে যথাস্থানে প্রতিস্থাপন করা হয়। এখন কঙ্কালটি ৯৫ শতাংশ রূপ পেয়েছে। সম্ভবত এটিই সবচেয়ে ভালো অবস্থায় পাওয়া কোনো প্লিওসরের জীবাশ্ম।’স্থানীয় সংগ্রাহক কেভিন শিহান প্রথম ১৫ কোটি ৫০ লাখ বছরের পুরোনো এ জীবাশ্মটির সন্ধান পান। সমুদ্রতীরবর্তী দুর্গম পাহাড়ি খাঁজ থেকে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রাণীটির হাড়গুলো সংগ্রহ করেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন বলেন, ‘একদিন সমুদ্রতীরে বসে থাকার সময় তিনটি হাড়ের টুকরা পাথুরে খাঁজ থেকে বেরিয়ে থাকতে দেখি। তখন এগুলো কী, না জেনেই আমি খুঁড়তে থাকি। এর পরের কয়েকটি বছর আমি প্রায় নিয়মিত নতুন নতুন হাড় পেতে থাকি।’আপাতদৃষ্টিতে জীবাশ্মটি কুমিরের মাথার খুলির মতো মনে হলেও এর কামড়ের দক্ষতা বিচার করে এটি প্লিওসরের খুলি বলে নিশ্চিত হয়েছেন গবেষকেরা। বিবিসি।