বিশ্বের ‘দরিদ্রতম’ প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরাজীর্ণ বাড়ি। বাড়ির সামনেই কাপড় মেলা হয়। উঠানজুড়ে আগাছা। সেই উঠানে আছে কূপ। ওই কূপ থেকেই পানি সংগ্রহ করা হয়। নিরাপত্তা বলতে মাত্র দুজন পুলিশ কর্মকর্তা আর ম্যানুয়েলা। ম্যানুয়েলা হলো তিনপেয়ে একটি কুকুর।কোনো ভুতুড়ে বাড়ি নয়, একজন প্রেসিডেন্টের বাড়ির বর্ণনা এটি। তিনি উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা। তাবৎ দুনিয়ার রাষ্ট্রনেতাদের পরিচিত বাড়ির সঙ্গে তাঁর বাড়ির এই বৈসাদৃশ্য যেন মহাকালের। প্রেসিডেন্ট হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে বিলাসবহুল যে বাড়িটি তাঁর জন্য বরাদ্দ হয়েছে মুজিকা তাতে ওঠেননি। স্ত্রীর খামারবাড়িতেই তিনি বসবাস করছেন। বাড়িটি রাজধানীর বাইরে একটি মলিন রাস্তার পাশেই। প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী নিজেরাই বাড়িতে কাজ করেন। খামারে চাষ করছেন হরেক রকমের ফুল।শুধু তা-ই নয়, অনাড়ম্বর জীবনধারার এ রাষ্ট্রনায়ক তাঁর বেতনের (১২ হাজার মার্কিন ডলার) বেশির ভাগটাই দুস্থদের মধ্যে দান করেন। আর এসব কারণেই তাঁর পিঠে পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্টের তকমা সেঁটে গেছে। রাজনীতিবিদদের আরাম-আয়েশ আর চাকচিক্যময় জীবন তাঁকে টানে না।মুজিকা বলেন, ‘জীবনের বেশির ভাগটাই আমি এভাবে কাটিয়েছি। আমার যা আছে, তা দিয়েই আমি ভালোভাবে চলতে পারছি।’ প্রতিবছর উরুগুয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী প্রকাশ বাধ্যতামূলক। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে প্রেসিডেন্ট তাঁর সম্পদের পরিমাণ দেখান এক হাজার ৮০০ মার্কিন ডলার। যা কিনা তাঁর ১৯৮৭ মডেলের ভক্সওয়াগন বিটল গাড়িটির দাম। এ বছরের বিবরণীতে স্ত্রীর অর্ধেক সম্পদ যুক্ত করেছেন। এই সম্পদের মধ্যে রয়েছে জমি, ট্রাক্টর ও বাড়ির দাম। এতে তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে দুই লাখ ১৫ হাজার ডলার, যা এখনো দেশটির ভাইস প্রেসিডেন্টের ঘোষিত সম্পদের মাত্র দুই-তৃতীয়াংশ। ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মুজিকা ১৯৬০ ও ১৯৭০-এর দশকে উরুগুয়ের গেরিলা বাহিনী তুপামারোসের সক্রিয় সদস্য ছিলেন। কিউবার বিপ্লবে অনুপ্রাণিত হয়ে বামপন্থী সশস্ত্র এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গেরিলা জীবনে তিনি ছয়বার গুলিবিদ্ধ হন। ১৪ বছর কাটান কারাগারে। ১৯৮৫ সালে উরুগুয়ে গণতন্ত্র ফিরে এলে মুজিকারও কারাজীবনের অবসান ঘটে। তবে দীর্ঘ এ কারাজীবনের অভিজ্ঞতাই তাঁর জীবনদর্শন পাল্টে দেয়।মুজিকা বলেন, ‘আমাকে বলা হয় দরিদ্রতম প্রেসিডেন্ট, কিন্তু আমি তা মনে করি না। বরং দরিদ্র হলেন তাঁরাই, যাঁরা ভোগবিলাসের জন্য কাজ করেন এবং সবসময়ই বলে বেড়ান—‘আরও চাই, আরও চাই।’ তিনি আরও বলেন, ‘এটা ইচ্ছার ব্যাপার। আপনার অনেক সম্পদ না থাকলে তা রক্ষার জন্য আপনাকে জীবনভর ক্রীতদাসের মতো খাটতে হবে না। ফলে আপনি প্রচুর সময় পাচ্ছেন।’ মুজিকা বলেন, ‘আমাকে পাগলাটে মনে হতে পারে। কিন্তু এটাই আমার পছন্দ।’ বিবিসি।