বিসমিল্লাহ খাঁর পরিবার কাউকে সমর্থন দেবে না

ভারতের কিংবদন্তি সানাইবাদক ওস্তাদ বিসমিল্লাহ খাঁর পরিবার বারানসিতে লোকসভা নির্বাচনে কোনো দলকেই সমর্থন দেবে না। পরিবারটি স্রেফ সংগীত পরিবার হিসেবেই থাকতে চায়।
গতকাল সোমবার বিসমিল্লাহ খাঁর ছেলে জামিন হোসেন বিসমিল্লাহ এসব কথা বলেন। ২৪ এপ্রিল বারানসি আসনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন মোদিকে সমর্থন দেওয়ার অনুরোধ জানায় বিজেপি।
জামিন হোসেন বলেন, ‘বিজেপি আমাদের ডেকেছিল। আমরা ভেবেছিলাম, দলটির নেতা-কর্মীরা কোনো অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে চান। পরে মোদিকে সমর্থনের অনুরোধ জানানো হলে আমরা তা প্রত্যাখ্যান করি।’ তিনি আরও বলেন, তাঁদের পরিবার ঐতিহাসিকভাবেই কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।
ভোট সামনে রেখে বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতারা লালাপুরায় ফাতেমান দরগায় বিসমিল্লাহ খাঁর সমাধিতে ঘন ঘন যাচ্ছেন। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, এই কিংবদন্তিকে কেবল নির্বাচন এলেই রাজনৈতিক নেতারা স্মরণ করতে আসেন। তাঁরা খাঁ সাহেবের জন্য আসেন না, আসেন ভোটের জন্য। বাস্তবতা হলো, তাঁর মৃত্যুর আট বছর পরও এই শহরে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। এনডিটিভি।