রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে প্রস্রাব খাওয়ানোর ঘটনায় এখন তোলপাড় চলছে বিশ্বভারতীতে। এ সময়ের মধ্যে ওই ছাত্রীনিবাসের প্রধান (ওয়ার্ডেন) উমা পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দপ্তর থেকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবালের কাছে এ ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিবালকে চিঠি দিয়েছেন। পুনিতা মিস্ত্রি নামের ওই ছাত্রী বেশ কিছুদিন ধরে ছাত্রীনিবাসের বিছানায় প্রস্রাব করে আসছিল। এতে খেপে যান ছাত্রীনিবাসের প্রধান উমা পোদ্দার। তিনি গত শনিবার বিছানার প্রস্রাবের ওপর লবণ ছিটিয়ে পুনিতাকে তা চাটতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা জানার পর পুনিতার বাবা-মা এসে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই তাকে ছাত্রীনিবাস থেকে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় গত সোমবার ছাত্রীনিবাসের প্রধান উমা পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। বিনা অনুমতিতে পুনিতাকে বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় পুনিতার বাবা মনোজ মিস্ত্রি ও মা পুনম মিস্ত্রির বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। একই দিন পুনিতার বাবা-মাকেও গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। পরে অবশ্য বোলপুরের আদালত তাঁদের ও ছাত্রীনিবাসের প্রধানকে জামিনে মুক্তি দেন।