বিস্তারিত প্রকাশে আইএইএর প্রতি ইসরায়েলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচির সব তথ্য জনসমক্ষে প্রকাশ করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সন্দেহ, ইরান আণবিক বোমা তৈরির গবেষণা শেষ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এর এক দিন পর গতকাল শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য প্রকাশ করার আহ্বান জানাল ইসরায়েল।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, আইএইএ গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল। ওই প্রতিবেদনে আণবিক বোমা তৈরির বিষয়ে ইরানের গবেষণার বিষয়গুলোও প্রকাশ পেত। কিন্তু গত বছরই ছয় পরাশক্তির সঙ্গে তেহরানের আলোচনায় অন্তর্বর্তী সমঝোতা হওয়ায় ওই পরিকল্পনা থেকে সরে আসে আইএইএ।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স ওই প্রতিবেদনে আরও বলা হয়, আইএইএর প্রকাশ না করা প্রতিবেদনে ইরানের আণবিক বোমার বিষয়ে কী তথ্য ছিল, তা জানার কোনো উপায় নেই।
রয়টার্সের ওই প্রতিবেদনের বিষয়ে গতকাল শুক্রবার পর্যন্ত আইএইএ কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী যুভাল স্টেইনিৎজ গতকাল বলেন, আইএইএর উচিত ইরানের পারমাণবিক কর্মসূচি-সম্পর্কিত সব তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা। ‘কূটনৈতিক স্পর্শকাতরতার’ কথা বলে এসব তথ্য গোপন রাখা ঠিক হবে না।’ রয়টার্স।