বিস্তৃত পরিসরে বিমান অনুসন্ধান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পেতে ভারত মহাসাগরে অনুসন্ধান এলাকার সীমানা আজ শনিবার আরও বাড়ানো হয়েছে। অনুসন্ধানে নিয়োজিত বিমানের সংখ্যাও বাড়ছে। আবহাওয়া অনুকূলে রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকায় গতকাল শুক্রবার পাঁচটি বিমান তন্নতন্ন করে তল্লাশি চালায়। বিরূপ আবহাওয়ার কারণে ওই অনুসন্ধান অভিযান ব্যাহত হয়। নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি।

আজ আবার অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান এলাকার আয়তন বাড়িয়ে ৩৬ হাজার বর্গকিলোমিটার করা হয়েছে। বাড়ছে অনুসন্ধানকারী বিমানের সংখ্যা।

এই অভিযানে চীন, জাপান ও যুক্তরাজ্যও সহযোগিতা করছে। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিমানও অভিযানে যোগ দিয়েছে। ভারতও দুটি বিমান পাঠাবে বলে জানিয়েছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু ধরা পড়ার পর গত বৃহস্পতিবার থেকে এ অভিযান চালানো হচ্ছে। বস্তুগুলো মালয়েশিয়ার এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০।