বিস্তৃতিতে রেকর্ড করেছে ওকলাহোমার টর্নেডো
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় আঘাত হানা গত সপ্তাহের ভয়াবহ টর্নেডোটির প্রশস্ততা ছিল আড়াই মাইলের বেশি (২ দশমিক ৬ মাইল)। এটি একটি রেকর্ড। টর্নেডোটির গতি ছিল ঘণ্টায় ২৯৫ মাইল পর্যন্ত। আবহাওয়া কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, ১১ দিনের মধ্যে ওই স্থানে আঘাত হানা সর্বোচ্চ মাত্রার (ইএফ-৫ স্কেল) দ্বিতীয় টর্নেডো ছিল এটি। গত শুক্রবার এল রিনো শহরে এই টর্নেডোর সঙ্গে বন্যায় ১৮ জন প্রাণ হারান। এঁদের মধ্যে তিন আবহাওয়া বিশেষজ্ঞও রয়েছেন। গত ২০ মে ইএফ-৫ মাত্রার আরেকটি টর্নেডো ওই শহরের নিকটবর্তী স্থান মুরে আঘাত হানে। এতে ২৪ জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবারের ওই টর্নেডো ব্যাপক আকারের হলেও ওকলাহোমার রাজধানীর জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ায় প্রাণহানি কম হয়েছে। এ প্রসঙ্গে এল রিনোর মেয়র ম্যাট হোয়াইট বলেন, টর্নেডোটি যে স্থান দিয়ে বয়ে গেছে, সেটি সেখান থেকে আরও দুই মাইল ভেতর দিয়ে গেলে তা নগরের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থলের সবকিছু উপড়ে নিত। বিবিসি।