বিস্ফোরণ ও বিদ্রোহ নিয়ে জেরবার নীতিশ

কথায় বলে বিপদ যখন আসে, তখন চার দিক দিয়েই আসে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অবস্থা এখন প্রায় তেমন। কেননা, তাঁর খাসতালুকে নরেন্দ্র মোদির জনসভায় বিস্ফোরণ নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে তাঁকে নতুন চাপের মুখে ফেলেছেন নিজের দলেরই শীর্ষ নেতা শিবানন্দ তিওয়ারি। এবং সেই চাপের হেতুও নরেন্দ্র মোদি। এর ফলে নীতিশের দল আবার ভাঙনের আশঙ্কার মুখে বলে অনেকের ধারণা।
নরেন্দ্র মোদির বিরোধিতা করেই নীতিশ দীর্ঘ ১৭ বছরের জোট ছেড়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে সেই মোদির প্রথম বিহার সফরে গান্ধী ময়দানে বোমা হামলা ও মৃত্যুও আটকাতে পারলেন না নীতিশ। এ জন্য বিজেপি তো বটেই, কংগ্রেসের সমালোচনাও তাঁকে সহ্য করতে হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল মঙ্গলবার বলেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ঘটনার পাঁচ দিন আগেই বিহার সরকারকে সতর্ক করেছিল। সিন্ধে জানান, এ নিয়ে নীতিশের সঙ্গে বুধবার দিল্লিতে তাঁর কথা হবে।
নীতিশ কুমারের রাজ্য পুলিশ অবশ্য বলছে, কেন্দ্র কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি।
নীতিশ যখন এনিয়ে তোপের মুখে তখন মঙ্গলবার বিহারের রাজগীরে সংযুক্ত জনতা দলের কর্মকর্তাদের ‘চিন্তন শিবিরে’ নীতিশ কুমার, শারদ যাদবদের সামনে তিওয়ারি বলেন, আত্মবিশ্বাস এবং একাগ্রতার জোরে অতি দরিদ্র অনগ্রসর পরিবারে জন্ম নিয়ে এই জায়গায় পৌঁছেছেন মোদি। তাই তাঁর শক্তিকে যেন খাটো করে দেখা না হয়। তিওয়ারির এই ভাষণের ফলে কর্মকর্তাদের একাংশ তাঁকে হেনস্থা করেন। তাঁদের বাধা দেওয়ার কোনো চেষ্টা নীতিশ-শারদেরা করেননি। এ ঘটনায় তিওয়ারির নীতিশের সঙ্গে থাকা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে দলে কোণঠাসা ছিলেন তিনি।