বিস্ফোরণে প্রকম্পিত দামেস্ক ও আলেপ্পো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় গতকাল শনিবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। সরকারবিরোধীরা এ হামলার জন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে। পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের মাত্র দুদিন আগে বড় ধরনের এ বিস্ফোরণের ঘটনা ঘটল।বড় ধরনের এ বিস্ফোরণ সত্ত্বেও গতকাল হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী স্লোগান দিয়ে দামেস্কের রাস্তায় নেমে আসে।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রামি আবদেল রহমান বলেন, বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ আলেপ্পোর শহরতলির একটি সড়কের পাশে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়। আবদেল রহমান অভিযোগ করেন, গত শুক্রবার দামেস্কে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়া নয়জনের দাফনে লোকজনকে অংশ নিতে বাধা দিতেই সরকার পরিকল্পিতভাবে ওই বোমার বিস্ফোরণ ঘটায়। সরকারের আশঙ্কা ছিল, দাফন-প্রক্রিয়া শেষে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ শুরু হতে পারে। আবদেল রহমান জানান, দামেস্কে গতকাল দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর একটি শহরের মধ্যেই, অন্যটি শহরের শেষ সীমায়। এতে তিনজন সেনা আহত হয়। তিনি বলেন, গত ১২ এপ্রিল সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতি কার্যকর হয়। এর পর থেকে এ পর্যন্ত সিরিয়ার বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়। এর মধ্যে বৃহস্পতি ও শুক্রবার সিরিয়াজুড়ে সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়। গত শুক্রবার বিক্ষোভের সময় নিহত ব্যক্তিদের দাফন করা হয় আলেপ্পোর কেফার সওসা এলাকায়। এরপর সেখান থেকে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। তারা ‘সিরিয়া স্বাধীনতা চায়’ ও ‘আল্লাহ মহান’ বলে স্লোগান দেয়। এ সময় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মিকে স্বাগত জানিয়েও স্লোগান দেয় তারা।কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতি অনুযায়ী, জাতিসংঘের পর্যবেক্ষক দল বর্তমানে সিরিয়ায় অবস্থান করছে। এর মধ্যেই গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন নিহত হয়। এএফপি।