বিস্ফোরণের জন্য দায়ী বিপি, সব খরচ তারাই দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের জন্য ব্রিটিশ পেট্রোলিয়ামই (বিপি) দায়ী। সমুদ্রপৃষ্ঠ থেকে তেল অপসারণ, ক্ষয়ক্ষতি ও অন্যান্য সব কাজের খরচ তারাই বহন করবে। গত রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের ভেনিস বন্দরে তিনি এ কথা বলেন। এদিকে মেক্সিকো উপসাগরের ওই অঞ্চল থেকে মাছ ধরা ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।ওবামা জানান, তেলক্ষেত্র থেকে ছড়িয়ে পড়া তেলের কারণে এ এলাকায় পরিবেশের ব্যাপক ও অকল্পনীয় ক্ষতি হতে পারে। তিনি বলেন, ‘তেলক্ষেত্র থেকে এখন পর্যন্ত যে তেল পানিতে মিশেছে তাতে করে মেক্সিকো উপসাগরের তীরবর্তী আমাদের অঙ্গরাজ্যগুলোর অর্থনীতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। এর প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী। এতে করে হাজার হাজার নাগরিকের জীবন হুমকির মুখে পড়তে পারে।’এদিকে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে সমুদ্রের তেল ছড়িয়ে পড়া এলাকা থেকে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। লুইজিয়ানা অঙ্গরাজের মিসিসিপি নদীমুখ থেকে ফ্লোরিডার পেনসাকোলা উপসাগর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ১০ দিন। এতে করে লুইজিয়ানায় কোটি কোটি ডলারের মাছ ধরা শিল্পের ব্যাপক ক্ষতি হতে পারে। উপকূলের অনেক মানুষ মাছ ধরার সঙ্গে জড়িত।মার্কিন আবহাওয়া সংস্থার কর্মকর্তা জেনি লুবশেনকো বলেন, ‘অর্থনীতি এবং স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাজারে এখন যেসব সামুদ্রিক খাবার পাওয়া যাচ্ছে, সেগুলো খেলে কোনো স্বাস্থ্যগত ঝুঁকির মুখেপড়তে হবে না।’যুক্তরাষ্ট্রে প্রতিবছর যে ঝিনুক সংগ্রহ করা হয়, তার এক-তৃতীয়াংশ আসে লুইজিয়ানা উপকূল থেকে। এ ছাড়া চিৎড়িসহ সামুদ্রিক মাছ ও কাঁকড়ার একটি বড় আধার মেক্সিকো উপসাগরের ওই এলাকা। অতিথি পাখিদেরও একটি বড় আশ্রয়স্থল এটি। এএফপি।