বিস্ফোরণের পরও ব্যাংককে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেনেড হামলার পরদিনও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল শনিবার বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
গত শুক্রবার ব্যাংককে সরকারবিরোধী মিছিলে গ্রেনেড হামলায় আহত বিক্ষোভকারীদের মধ্যে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি গতকাল সকালে হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় চলমান গণ-আন্দোলন সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বাতিলের দাবিতে অনড় রয়েছে বিক্ষোভকারীরা। তাদের নেতা সুথেপ থাগসুবান গতকাল বলেছেন, ‘আমাদের লড়াই চলছে, চলবে। কারণ আমাদের এ লড়াই দেশের মঙ্গলের জন্য।’
গতকাল ব্যাংককে হাজারো বিক্ষোভকারী জাতীয় পতাকা হাতে মিছিল করেন। তাঁদের ‘পুরো সতর্ক’ থাকার পরামর্শ দিয়েছেন সুথেপ।
জাতীয় পুলিশ সদর দপ্তর চত্বরে বিক্ষোভকারীদের গতকাল সংক্ষিপ্ত সমাবেশের সুযোগ দিয়েছিল কর্তৃপক্ষ।
শুক্রবার বিরোধীদের নেতা থাগসুবানের থেকে মাত্র ১০০ ফুট দূরে বিস্ফোরণ হয়েছিল। পুলিশ জানিয়েছে, রাস্তার পাশের কোনো ভবনের ছাদ থেকে মিছিলে গ্রেনেড ছুড়ে মারা হয়েছিল। এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। এ ঘটনায় সরকার ও বিরোধীরা পরস্পরকে দুষছে। ওই বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ৩৭ জন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বছরের নভেম্বরে ইংলাক তাঁর বড় ভাই থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের মামলা থেকে দায়মুক্তি দিতে একটি বিল পাসের চেষ্টা করেন। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা গণ-আন্দোলনে রূপ নেয়। এএফপি।