বিস্ফোরিত না হওয়া সেই বোমা

যুক্তরাষ্ট্রে ১৯৬১ সালে চার মেগাটন ওজনের একটি পারমাণবিক বোমা প্রায় বিস্ফোরিত হতে যাচ্ছিল। নতুন প্রকাশিত একটি মার্কিন দলিল এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় দলিলটি প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
দুটি পারমাণবিক বোমা নিয়ে একটি উড়োজাহাজ অনিয়ন্ত্রিত অবস্থায় নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য অতিক্রম করছিল। একপর্যায়ে দুটি বোমাই পড়ে যায় এবং একটিতে বিস্ফোরণের প্রক্রিয়া শুরু হয়। মার্কিন সরকার ওই দুর্ঘটনার বিষয়টি আগেই স্বীকার করেছে। তবে বোমাটি বিস্ফোরণের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সে তথ্য জনসমক্ষে কখনো প্রকাশ করেনি।
সাংবাদিক এরিক স্কোলসার তথ্য অধিকার আইনের আওতায় এ-সংক্রান্ত দলিলটি সংগ্রহ করেন। তিনি বলেন, বিস্ফোরণটি ঘটলে হয়তো ইতিহাসের গতিপথ পাল্টে যেত।
১৯৬১ সালের ২৩ জানুয়ারি উড়োজাহাজটির একটি নির্ধারিত ফ্লাইট ছিল। কিন্তু সেটি নর্থ ক্যারোলাইনা অতিক্রমকালে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে নিরাপত্তার জন্য গোল্ডসবরো এলাকায় সেটি থেকে দুটি হাইড্রোজেন বোমা ফেলে দেওয়া হয়। প্রথমটি অবিস্ফোরিত থাকলেও দ্বিতীয়টি বিস্ফোরণের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। এটি ছিল হিরোশিমা ও নাগাসাকিতে বিস্ফোরিত আণবিক বোমার চেয়ে প্রায় ২৬০ গুণ শক্তিশালী।
যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন জোর স্নায়ুযুদ্ধ চলছে। ঠিক এক বছর আগেই কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে দুই পরাশক্তির পারমাণবিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। তাই এসব ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। নতুন প্রকাশিত দলিলটি ওই উড়োজাহাজ দুর্ঘটনার আট বছর পরে লিখেছিলেন মার্কিন বিজ্ঞানী পার্কার জোন্স। তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রসরঞ্জামের যান্ত্রিক নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। বিবিসি।c