বিস্ময় বালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কিশোর মোশে কাই কাভালিনকে সত্যিই ‘বিস্ময়বালক’ বলতে হয়। মাত্র ১৪ বছর বয়সে স্নাতক হতে চললেও ‘জিনিয়াস’ ডাকটা নাকি তার অপছন্দ।মাত্র আট বছরে কলেজে গেছে কাভালিন। ইস্ট লস অ্যাঞ্জেলেস কমিউনিটি কলেজ থেকে নেওয়া দুটি অ্যাসোসিয়েট অব আর্টস ডিগ্রির প্রথমটি নিয়েছে নয় বছরে। সেখানে সে জিপিএ-৪ পেয়েছে।কাভালিনের বয়স এখন ১৪। চলতি বছর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস থেকে তার স্নাতক পরীক্ষা দেওয়ার কথা। এই খুদে প্রতিভা এরই মধ্যে একটি বইও লিখে ফেলেছে। বইটির নাম উই ক্যান ডু। তরুণদের উৎসাহিত করে লেখা বইটিতে কাভালিন তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছে। সে বলেছে, ‘প্রতিভা বলে কিছু নেই। কঠোর পরিশ্রম করলেই ভালো ফলাফল সম্ভব।’ জ্যাকি চ্যানের ছবির দারুণ ভক্ত কাভালিন। তবে সে বলেছে, সময় বাঁচাতে টিভি দেখা কমাতে হবে। সে নিজে সপ্তাহে মাত্র চার ঘণ্টা টিভি দেখে।কাভালিন তার বইজুড়ে একটা পরামর্শ দেওয়ারই চেষ্টা করেছে। আর তা হলো—কোনো কিছু পেতে আধো আধো চেষ্টা না করা। দিতে হবে পুরো মনোযোগ। সে বলেছে, ‘আমি নক্ষত্রের কাছে পৌঁছাতে পেরেছি। কিন্তু অন্যরা ছায়াপথেও পৌঁছাতে পারেনি।’ টাইমস অব ইন্ডিয়া