বিহারে খাবার খেয়ে ২০ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের সারন জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে অন্তত ২০ শিশু শিক্ষার্থী মারা গেছে। গুরুতর অসুস্থ রয়েছে আরও ৪৮ জন। তাদের ছাপড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স আট থেকে ১২ বছর। এ ঘটনায় আজ বুধবার সারন জেলাজুড়ে বনধ ডেকেছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি।

সারন জেলার মাসরাখ ধরমসাথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের জন্য রান্না করা খিচুড়ি খাওয়ার পর শিক্ষার্থীরা পেটের পীড়ায় আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পথে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি মারা যাওয়া প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিরোধী আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেন, এটা রাজ্য সরকারের দুর্নীতির ফলে ঘটেছে। সরকারের কল্যাণকর এসব প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতি চলায় শিক্ষার্থীরা ভালো খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে রাজ্য বিজেপি এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে পদত্যাগ করার দাবি করেছে।

রাজ্যের ফরেনসিক বিভাগের কর্মকর্তারা খিচুড়ির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠিয়েছে। জেলা পুলিশ সূত্রে আরও বলা হয়েছে, বিক্ষুব্ধরা স্থানীয় থানা ঘেরাও করে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা অবরোধ করেছে সড়কও।

ভারতের সব প্রাথমিক বিদ্যালয়ে সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের প্রতিদিন দুপুরের খাবার দেওয়া হয়।