বিহারে ট্রেন লাইনচ্যুত পাঁচ যাত্রী নিহত
ভারতের বিহারে ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন৷ গতকাল বুধবার রাজ্যের ছাপরা ও গোল্ডেনগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে রাজধানী এক্সপ্রেস নামের ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে৷ খবর এনডিটিভির৷
রেল কর্তৃপক্ষ এবং পুলিশ দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করছে। মাওবাদী বিদ্রোহীরা এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মাওবাদীরা এ ঘটনা ঘটিয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ট্রেনটি দিল্লি থেকে আসামের ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দেয়৷ গতকাল ভোরে বিহারের ছাপরার কাছে ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়৷ এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷ হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান৷ পূর্ব কেন্দ্রীয় রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা অরবিন্দ কুমার রজক বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া রেল দুর্ঘটনায় ১২ জন আহত হন৷ আহত ব্যক্তিদের স্থানীয় ও পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পঁাচজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ বিষয়ে ব্যবস্থা নিতে রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার সঙ্গে কথা বলেছেন তিনি৷
রেলওয়ে বোর্ডের প্রধান অরুনেন্দ্র কুমার বলেন, এ দুর্ঘটনার জন্য মাওবাদীদের সন্দেহ করা হচ্ছে৷ তিনি বলেন, রেললাইনে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ ওই বিস্ফোরণের কারণে ট্রেনটি লাইনচ্যুত হতে পারে৷
মাওবাদী বিদ্রোহীরা এর আগে নিরাপত্তা বাহিনীর দমন-নিপীড়নের বিরুদ্ধে ওই এলাকায় ধর্মঘট ডেকেছিল। পুলিশ বলছে, শহরের কাছে একটি বিপণিবিতানে রাখা তিনটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বিজেপির দলীয় লোকসভার সদস্য রাজীব প্রতাপ বলেন, ট্রেনে অন্তত ৫০০ যাত্রী ছিল।
এদিকে, গতকাল একই রাজ্যের পূর্ব চম্পারণ জেলার মতিহারি স্টেশনের কাছে বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ অরুনেন্দ্র কুমার বলেন, ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে৷ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷