বিহারে ট্রেনচাপায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে খগরিয়া ভোমরা স্টেশনে আজ সোমবার সকালে দ্রুতগামী একটি ট্রেনের চাপায় কমপক্ষে ২০ নিহত হয়েছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রেনচালককে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে। জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের বেশির ভাগই তীর্থযাত্রী। তাঁরা দেবতা শিবের ভক্ত। সহরসা জেলার একটি মন্দিরে যাচ্ছিলেন তাঁরা।

ঘটনার কিছুক্ষণ আগে তীর্থযাত্রীরা একটি ট্রেন থেকে ভোমরা স্টেশনে নামেন। রেললাইন পার হওয়ার সময় অত্যন্ত ক্ষিপ্র গতিতে আসা ‘সহরসা-পাটনা রাজ্য রানি এক্সপ্রেস’ ট্রেনটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। উত্তেজিত জনতা ট্রেনটি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে থামলে এর চালককে বের করে এনে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এতে চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অরুণ মল্লিক জানান, ১৫ থেকে ২০ জন মারা গেছে।

এ ঘটনায় পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় ভোমরা স্টেশনটি জনশূন্য হয়ে পড়ে। ওই রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।