বিহারে ট্রেনে নকশালদের হামলা, নিহত ৩
ভারতের বিহার রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে আজ বৃহস্পতিবার বিকেলে শতাধিক নকশাল হামলা চালায়। নকশালদের ওই দলে বেশ কয়েকজন নারীও ছিলেন। হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, নকশালরা ধানবাদ-পাটনা আন্তনগর ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (রেলওয়ে প্রটেকশন ফোর্স, আরপিএফ) দুজন জওয়ানের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। পরে তারা হামলা চালায়। এদিকে পিটিআইয়ের খবরে জানা গেছে, বিহারের জামুই রেলস্টেশনটি নির্জন। ওই রেলস্টেশনের আগে কুন্দ্রায় ট্রেনটি থামে। সেখানেই নকশালরা ট্রেনটি ঘিরে ফেলে ও গুলি চালায়। হামলায় নিহত লোকজনের মধ্যে একজন আরপিএফ জওয়ান ও একজন যাত্রী। অন্যজনের পরিচয় জানা যায়নি। ট্রেনের চালকও গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় বিহারের স্বরাষ্ট্রমন্ত্রী আরপিএন সিং বলেন, নকশালদের অস্ত্রের ভান্ডার ফুলে ফেঁপে উঠেছে। এ ধরনের হামলায় প্রমাণ হয় যে নকশালরা আবার ফিরে এসেছে। এটি রাজনৈতিক নেতাদের জন্য সতর্কবার্তা।
গত মাসে নকশালরা ছত্তিশগড়ে কংগ্রেসের এক রাজনৈতিক নেতার গাড়িতে হামলা করে। ওই হামলায় দলের জ্যেষ্ঠ নেতাসহ ১৯ জন মারা যান।