বিহারে নাগরিক সুবিধার্থে পুলিশ কর্মকর্তাদের বাসভবনের সামনে ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যায় পড়া নাগরিকদের সাহায্য করতে ভারতের বিহার রাজ্যের শীর্ষ ১০ পুলিশ কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে ঘণ্টা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই ঘণ্টার নাম দেওয়া হয়েছে ‘জাহাঙ্গীর ঘণ্টা’।
অভিনব সিদ্ধান্তটি নিয়েছেন রাজ্য পুলিশের মহাপরিচালক (আইজি-দ্বারভাঙ্গা অঞ্চল) অরবিন্দ পাণ্ডে। তিনি তাঁর অধীন ১০টি জেলার পুলিশের শীর্ষ কর্তাদের (ডিআইজি থেকে পরিদর্শক) নিজ বাসভবনের সামনে একটি ঘণ্টা লাগানোর নির্দেশ দিয়েছেন। দিনের যেকোনো সময় কেউ বিপদে পড়লে ওই বাড়িতে গিয়ে ঘণ্টা বাজিয়ে সাহায্য চাইতে পারবেন শীর্ষ পুলিশ কর্তার কাছে।
মোগল সম্রাট জাহাঙ্গীর মানুষের অভিযোগ শুনতে তাঁর প্রাসাদের সামনে লাগিয়েছিলেন ‘ইনসাফ কা ঘণ্টা’। জাহাঙ্গীরের নামে ওই ঘণ্টার নাম রাখা হয়েছে জাহাঙ্গীর ঘণ্টা। ঘণ্টাটি হবে আলাদা ধরনের। প্রতিটি ঘণ্টার গায়ে লেখা থাকবে জাহাঙ্গীর ঘণ্টা কথাটি। গত রোববার আইজি অরবিন্দ পাণ্ডে নিজের সরকারি বাসভবনের বাইরে লাগিয়েছেন এই জাহাঙ্গীর ঘণ্টা।