বিহারে মহাবোধি মন্দিরে ক্রমিক বিস্ফোরণ, আহত ৫

ভারতের বিহার রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রসিদ্ধ তীর্থস্থান মহাবোধি মন্দিরে আজ রোববার ভোরে নয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পর্যটকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, আহত ব্যক্তিদের মধ্যে তিব্বতের দুজন পুণ্যার্থী রয়েছেন। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় মন্দিরটির ভেতরে খুব বেশি লোক ছিল না।
পুলিশের বরাত দিয়ে খবরে জানানো হয়, বিহারের রাজধানী পাটনা থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত বোধগয়া তীর্থের মহাবোধি মন্দির ভবন ও ভবনের বাইরে এসব বিস্ফোরণ ঘটে। ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে কয়েক মিনিট পর পর বিস্ফোরণগুলো ঘটে। বিস্ফোরণের তীব্রতা কম থাকায় মন্দির ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল, ফরেনসিক দল, জাতীয় তদন্ত সংস্থার সদস্যরা (এনআইএ) ঘটনাস্থলে যান। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
খবরে জানানো হয়েছে, মহাবোধি মন্দিরে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা রাজ্য সরকারকে আগেই জানিয়েছিল গোয়েন্দা সংস্থা। এর পরিপ্রেক্ষিতে মন্দির এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।
গোয়েন্দারা তাদের সতর্কবার্তায় বলেছিল, মিয়ানমারে চলমান জাতিগত দাঙ্গার জের ধরে ভারতে বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে।
মহাবোধি মন্দিরটি শ্রীলঙ্কা, চীন, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৌদ্ধ পুণ্যার্থীদের পদচারণে মুখরিত থাকে। ২০০২ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) এটিকে বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে।