ভারতের বিহারে প্রধান বিরোধী দল বিজেপির নেতা নরেন্দ্র মোদির সভার কাছে দফায় দফায় বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এতে কমপক্ষে ৮৩ জন আহত হয়। গতকাল রোববার বিহারের রাজধানী পাটনা শহরে মোদির জনসভার আগে এসব বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, সকালে সভাস্থল গান্ধী ময়দানের আশপাশে অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। আর পাটনা রেলস্টেশনে একটি বিস্ফোরণে একজন নিহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।
হিন্দু জাতীয়তাবাদী নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘটনাটির দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং বলেন, তাঁরা বিহারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
বোমা বিস্ফোরণ সত্ত্বেও বিকেলে পাটনার গান্ধী ময়দানে বিজেপির নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিভিন্ন কাজের সমালোচনা করেন মোদি। তিনি তাঁকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেন। বক্তব্যের শুরুতে তিনি বিহারের দুই ভাষা ভোজপুরি ও মৈথিলিতে কথা বলে সমবেত ব্যক্তিদের খুশি করে তোলেন।
বিজেপির নেতা মুখতার আব্বাস নাকভি সভায় বলেন, বিস্ফোরণ ঘটিয়ে মোদির জনসভায় যোগ দেওয়া থেকে তরুণদের কেউ বিরত রাখতে পারবে না। জনগণ কংগ্রেস ও এর সহযোগী দলগুলোর হাত থেকে মুক্তি চায়। বিস্ফোরণের ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।
নীতিশ কুমার সরকারের সমালোচনা করে সভায় নরেন্দ্র মোদি বলেন, বিহারের মুসলমানরা অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু গুজরাটের সবচেয়ে দ্রুত সমৃদ্ধি অর্জনকারী অঞ্চলগুলোর কয়েকটিতে মুসলমানদের আধিপত্য রয়েছে।
বিহারের জনতা দলের (জেডি-ইউ) নেতা নীতিশ কুমারের পক্ষে স্থানীয় মুসলমানদের একটি বড় অংশের সমর্থন রয়েছে। একসময় জেডি-ইউ ও বিজেপির রাজনৈতিক মৈত্রী ছিল। ২০০২ সালের গুজরাট দাঙ্গার পর মোদির সঙ্গে নীতিশের দূরত্ব বেড়ে যায়।
আগামী মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন উপলক্ষে বিজেপি নরেন্দ্র মোদিকে সামনে রেখে দেশজুড়ে সভা-সমাবেশসহ প্রচার কার্যক্রম শুরু করেছে। গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মোদি উল্লেখযোগ্য রকম অর্থনৈতিক সাফল্য পেয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী হতে পারলে তিনি এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে অনেকে মনে করছেন। তবে তাঁকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় তাঁর বিতর্কিত ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ওই সহিংসতায় অন্তত দুই হাজার মানুষ নিহত হয়, যার অধিকাংশই মুসলমান সম্প্রদায়ের। তখনো গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা মোদি এ জন্য ভুল স্বীকার করেননি। ওই সহিংসতাকালে তাঁর ‘নিষ্ক্রিয় ভূমিকার’ সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট। এএফপি, এনডিটিভি ও পিটিআই।