বিহারে স্কুলে মধ্যাহ্নের খাবারে 'সাপ'
ভারতের বিহার রাজ্যে একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়া মধ্যাহ্নের খাবারে (মিড ডে মিল) সাপ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে ৫৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রাজ্যের সীতামারি জেলার সরসন্দ থানা এলাকার মেঘপুর সরকারি বিদ্যালয়ে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
ভারতের সব সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত থাকার জন্য ‘মিড ডে মিল’ বা মধ্যাহ্ন খাবার পরিবেশনের নিয়ম চালু আছে।
ঘটনার দিন মেঘপুর সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। ওই খিচুড়ি খাওয়ার পর শিক্ষার্থীরা বমি করতে থাকে। একপর্যায়ে অনেকে জ্ঞান হারায়। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সরসন্দ ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) বিনোদ কুমার বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া খিচুড়ি জব্দ করা হয়েছে। খিচুড়ির মধ্যে লম্বা কালো রঙের একটি বস্তু পাওয়া গেছে। বস্তুটি সাপ হতে পারে বলে সন্দেহ করছি। খাবারের সঙ্গে সেটিকে রান্না করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে।’