বিহারের এলজেপির সঙ্গে বিজেপির জোট চূড়ান্ত
ভারতের বিহার রাজ্যে বিজেপির সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে লোক জনশক্তি পার্টি (এলজেপি)। ৪০ লোকসভা আসনের এই রাজ্যে এলজেপিকে বিজেপি সাতটি আসন ছেড়ে দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার এলজেপির নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বাড়ি গিয়ে এই সমঝোতা চূড়ান্ত করেন বিহারের তিন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ, শাহনওয়াজ হুসেন ও রাজীব প্রতাপ রুডি। এর আগের দিন বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের সঙ্গে রামবিলাসের বৈঠক হয়। গতকাল দিল্লিতে বিজেপির সংসদীয় বোর্ড ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে আসন সমঝোতার এই বিষয়টি অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
রামবিলাসের কাছে এক অর্থে এটা এনডিএতে প্রত্যাবর্তন। ১২ বছর আগে ২০০২ সালে গুজরাট দাঙ্গার প্রতিবাদে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর জোট ও মন্ত্রিসভা ছেড়ে যান রামবিলাস। পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএতে যোগ দিয়েও তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন।
এবার ইউপিএ জোটে রামবিলাস ১০টি আসন চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস ও লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তাঁকে তিনটির বেশি আসন ছাড়তে রাজি নয়। এ অবস্থায় বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিনি।
বিজেপি যে আসনগুলো ছেড়ে দিল, সেগুলো জনতা দলের (সংযুক্ত)। সিদ্ধান্ত গ্রহণের পক্ষে রামবিলাসের সাফাই, গুজরাট দাঙ্গায় সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদিকে ‘ক্লিন চিট’ দিয়েছে। তা ছাড়া তিনি এনডিএর শরিক হচ্ছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন না। ধর্মনিরপেক্ষতার প্রশ্নেও আপস তিনি করছেন না।
রামবিলাস বিহারের দলিত নেতা। নীতিশ কুমারের জনতা দল (সংযুক্ত) এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ায় বিহারে একজন মিত্রের প্রয়োজন বিজেপির ছিল। এলজেপির সমর্থন পেলে বিহারে বিজেপির প্রাপ্ত ভোটের হার ৩-৪ শতাংশ বেড়ে যেতে পারে।