বিয়ে আর সন্তান জন্মের হিড়িক দেশে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার। ২০১১ সালের নভেম্বর মাসের অর্থাৎ ১১তম মাসের ১১ তারিখ। সংক্ষেপে লিখলে ১১-১১-১১। আবার ১০০ বছর পর আসবে এমন সংখ্যার দিন। আর তাই এই বিশেষ দিনটিকে একান্ত নিজের কোনো স্মরণীয় একটি দিন করে রাখার চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।দিনটি উদ্যাপনের বিশেষ উপলক্ষ পেয়েছেন প্রেমিক-প্রেমিকারা। দেশে দেশে যুগলদের মধ্যে পড়ে গেছে বিয়ের হিড়িক। কেউ কেউ আবার সিজারিয়ানের মাধ্যমে সন্তানের জন্ম দিতে চাইছেন এই দিনে।দক্ষিণ কোরিয়ার নাগরিকদের প্রত্যেকের পরিচয়পত্রের নম্বর ১৩ সংখ্যার। এর মধ্যে প্রথম ছয়টি সংখ্যা নির্ধারণ করা হয় ওই ব্যক্তির জন্মতারিখ দিয়ে। কাজেই আজ যেসব শিশু জন্ম নেবে, তাদের পরিচয়পত্রের নম্বরের প্রথম ছয়টি সংখ্যা হবে ১১১১১১। এ জন্য যেসব মায়ের সন্তান জন্ম দেওয়ার নির্ধারিত তারিখ এখনো এক সপ্তাহ বাকি আছে, তাঁরাও আজ সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দিতে চাইছেন।সিউল পত্রিকা জানিয়েছে, গত বছরের ১১ নভেম্বরের চেয়ে এবার এই দিনে সিজারিয়ানের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ শতাংশের বেশি মা।একটি মাতৃসদনের এক কর্মী বলেন, ‘এমনিতে প্রতিবছরের জানুয়ারির প্রথম দিনে অনেকেই নিজের সন্তান প্রসব করতে চান। কিন্তু এবারের ১১ নভেম্বর দিনটি মনে হচ্ছে অন্য রকম। অনেকেই ক্লিনিকে ভিড় করছেন। কেননা, তাঁরা চাইছেন তাঁদের সন্তানের পরিচয়পত্রের প্রথম ছয়টি সংখ্যা হবে ১১১১১১।’চীনের বিভিন্ন শহরে পড়ে গেছে বিয়ের হিড়িক। সাংহাই মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, শহরের তিন হাজারের বেশি যুগল শুক্রবার বিয়ে করবেন। কেন্দ্রীয় উহান শহরে চার শতাধিক এবং পূর্বাঞ্চলীয় জিনান শহরে বিয়ে করতে যাচ্ছেন আর কয়েক শ যুগল।ওয়াং কিয়াং নামের এক যুবক বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘এমন একটি বিশেষ তারিখে বিয়ের সুযোগ জীবনে আর আসবে না। কাজেই এই সুযোগ আমরা হাতছাড়া করব না।’এ ছাড়া সাংহাইয়ে আয়োজন করা হয়েছে একটি গণ-অভিসারের। এতে যোগ দেবেন প্রায় ১০ হাজার তরুণ-তরুণী।এদিকে যুক্তরাষ্ট্রে আজকের এই দিনে বিয়ে করার জন্য লাস ভেগাসে জড়ো হচ্ছেন হাজার হাজার যুগল। বিয়ের নিবন্ধন পাওয়ার জন্য ক্লার্ক কাউন্টিতে আবেদন করেছেন কমপক্ষে সাড়ে তিন হাজার যুগল।সঙ্গী ডাস্টিন হলকে নিয়ে গত মঙ্গলবার লাস ভেগাসে পৌঁছেছেন ইডাহোর ৩২ বছরের যুবক স্টাসি আলসেন। শুক্রবার দুপুর একটায় বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। স্টাসি বলেন, ‘জীবনে এমন সুযোগ একবারই আসে। আমরা খুবই পুলকিত। বিয়ের জন্য এমন দিন এবং লাস ভেগাসের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে।’ এএফপি।