বিয়ে করলেন এড মিলিব্যান্ড
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড গত শুক্রবার দীর্ঘদিনের প্রেমিকা ও তাঁর দুই সন্তানের জননী জাস্টিন থর্নটনকে বিয়ে করেছেন। নটিংহামের কাছে একটি বিলাসবহুল হোটেলে একান্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় এড মিলিব্যান্ড বলেছেন, জাস্টিনকে বিয়ে করে তিনিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।নটিংহামের কাছে ল্যাঙ্গার হল হোটেলে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজন মিলিয়ে সর্বসাকল্যে ৫০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন মিলিব্যান্ডের ভাই ডেভিড মিলিব্যান্ড। গত বছর লেবার পার্টির নেতা নির্বাচনে ডেভিডকে পরাজিত করেছিলেন মিলিব্যান্ড।বিয়েতে মিলিব্যান্ড নীল স্যুট পরেছিলেন। জাস্টিন পরেছিলেন ঐতিহ্যবাহী দীর্ঘ গাউন। তবে এতে ট্রেইন (দীর্ঘ পোশাকের পেছনের অংশ, যা মাটিতে গড়ায়) ছিল না।বিয়েতে অতিথিদের আপ্যায়নের জন্য মদের পাশাপাশি ছিল কানাপে (মসলাদিযুক্ত মাছ, পনির প্রভৃতি মাখানো রুটি)। অনুষ্ঠানে উপহার আনা ছিল নিষিদ্ধ। নবদম্পতি আগেই জানিয়ে দিয়েছিলেন, কোনো উপহার না এনে সেই অর্থ শিশুদের কল্যাণে পরিচালিত দাতব্য সংস্থা বার্নার্ডো ও বয়স্কদের জন্য পরিচালিত মেথোডিস্ট হোমসে দান করে দেওয়ার জন্য।আইনের ওপর পড়াশোনা করেছেন জাস্টিন। বিয়ের আগেই এ দম্পতির দুটি সন্তান হয়। বড় ছেলে ড্যানিয়েলের বয়স দুই বছর আর স্যামুয়েলের ছয় মাস। বিয়ের পর স্ত্রী ও সন্তানদের নিয়ে একসঙ্গে ছবি তুলেছেন মিলিব্যান্ড। তবে পাঁচ দিনের মধুচন্দ্রিমায় সন্তানদের সঙ্গে নেবেন না বলে জানিয়েছেন নবদম্পতি। ডেইলি মেইল।