বিয়ে করলেন জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গত শনিবার তাঁর ফেসবুক স্ট্যাটাস বদলে বিবাহিত লিখেছেন। না, নিছক মজা করে নয়, সত্যি সত্যিই সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছেন মার্ক জাকারবার্গ। স্ট্যাটাস বদলে দেওয়ার পাশাপাশি জাকারবার্গ নিজের বিয়ের একটি ছবিও পোস্ট করেছেন। কনের নাম প্রিসিলা চ্যান। বয়স ২৭ বছর।চ্যানের সঙ্গে জাকারবার্গের (২৮) সম্পর্কটা অবশ্য নতুন নয়। দীর্ঘ নয় বছর ধরেই তাঁরা একে অপরকে চেনেন। চুটিয়ে প্রেমপর্ব সেরে তবেই বিয়ের পিঁড়িতে বসেছেন দুজনে। নয় বছর আগে তাঁরা মুখোমুখি হয়েছিলেন হার্ভার্ডে। ২০০৪ সালে সেখানেই ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন জাকারবার্গ ও আরও তিনজন। পরে তাঁরা ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। ফেসবুকের সদর দপ্তর এখানেই।প্রিসিলা চ্যান পড়ালেখা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে। সবে শেষ করেছেন স্নাতকের পাট।বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা প্রথমে ভেবেছিলেন, স্নাতক শেষ করার আনন্দ উদ্যাপন করতেই বুঝি তাঁদের নিমন্ত্রণ জানিয়েছেন জাকারবার্গ ও চ্যান। কিন্তু ক্যালিফোর্নিয়ার প্যালো আলটোর বাসভবনে এসে অতিথিদের চোখ রীতিমতো কপালে! বিয়ের পোশাকে সেজে বসে আছেন জাকারবার্গ ও চ্যান। এ সময় চ্যানের পরনে ছিল সাদা গাউন। আর জাকারবার্গ পরেছিলেন স্যুট, টাই ও প্যান্ট। এএফপি।