বিয়ে তিনি ঠিকই করলেন
জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগান সেঙ্গারাইয়ের বিয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন দেশটির একটি আদালত। তার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শনিবার তিনি আবারও বিয়ে করেছেন।রাজধানী হারারেতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৫ বছর বয়সী এলিজাবেথ মাচেকার সঙ্গে আংটি বদল করেন সেঙ্গারাই (৬০)। দেশটিতে প্রচলিত এক বিবাহ আইনের পরিবর্তে বিকল্প ঐতিহ্যবাহী বিবাহ আইনে বিয়ে করেন তিনি। এ আইনে বহুবিবাহ বৈধ। তাঁদের এই বিয়ের অনুষ্ঠানে কয়েক শ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেঙ্গারাইয়ের পরনে ছিল কালো স্যুট। কনে মাচেকার পরনে ছিল সাদা গাউন।সেঙ্গারাইয়ের বহু প্রেম আর বিবাহের গল্প নতুন নয়। এক স্ত্রী থাকার পরও তিনি আবার বিয়ের পরিকল্পনা করেন সম্প্রতি। এই বিয়ে আটকাতে আদালতে আবেদন করেন তাঁর এক সাবেক প্রেমিকা। তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রেম চলছে। বিয়েও ঠিক হয়ে আছে। হাইকোর্ট ওই নারীর আবেদন নাকচ করেন। তবে এক বিচারক ওই নারীর আপিল গ্রহণ করে সেঙ্গারাইয়ের বিয়ে বন্ধ করার আদেশ দেন।এ ঘটনার আগে চলতি সপ্তাহের শুরুর দিকে সেঙ্গারাইয়ের সাবেক এক প্রেমিকা তাঁর বিয়ে বন্ধের চেষ্টা করেছিলেন। ওই প্রেমিকা দাবি করেন, জিম্বাবুয়ের ঐতিহ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। বিবিসি।