বিয়ে বা বিচ্ছেদ ওজন বাড়ায়!
বিয়ে বা বিবাহবিচ্ছেদ ওজন বাড়াতে পারে। গবেষণা সূত্রে এ তথ্য পাওয়ার দাবি করেছেন একদল মার্কিন গবেষক। আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনে গবেষণাবিষয়ক এ নিবন্ধ উপস্থাপন করা হয়।গবেষণায় ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১০ হাজার ৭১ জন ব্যক্তির ওপর পর্যবেক্ষণ চালান গবেষকেরা। এতে দেখা গেছে, বিয়ে করার বা বিবাহবিচ্ছেদের পর থেকে দুই বছরের মধ্যে নারী বা পুরুষের শরীরে মেদ জমে ওজন বাড়ার ঝুঁকি বেশি দেখা যায়। এ ক্ষেত্রে নববিবাহিত নারীর খুব বেশি মুটিয়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বিএমআই (উচ্চতা অনুযায়ী ওজনের পরিমাপ) ও বৈবাহিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা বিবাহিত বা বিচ্ছেদ ঘটানো ব্যক্তিদের বিএমআইয়ের সঙ্গে সদ্য বিবাহিত ও অবিবাহিত লোকজনের বিএমআইয়ের তুলনা করেছেন।গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে বিয়ের পর অল্প ওজন বৃদ্ধির হার ৩৩ শতাংশ (৩ পয়েন্ট পর্যন্ত বিএমআই বৃদ্ধি), আর বেশি ওজন বৃদ্ধির হার ৪৮ শতাংশ (৩ পয়েন্টের বেশি বিএমআই বৃদ্ধি)। বিবাহবিচ্ছেদ ঘটা নারীদের ক্ষেত্রে দেখা গেছে, তাঁদের অল্প পরিমাণে ওজন বৃদ্ধির ঝুঁকি ২২ শতাংশ।পুরুষের ক্ষেত্রে দেখা গেছে, বিয়ের পর তাঁদের ওজন অল্প পরিমাণে বৃদ্ধির ঝুঁকি ২৮ শতাংশ, আর বিচ্ছেদের পর ২১ শতাংশ। বিবিসি।