বিয়েতে কেটের সহচরী হচ্ছে সাত বছরের লুইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট মিডলটনের বিয়ে ঘনিয়ে আসছে। বর-কনের পরিবারে চলছে জোর প্রস্তুতি। এ সময়ের মধ্যে কনের সহচরী নির্বাচন করা হয়ে গেছে। চার সহচরীর মধ্যে থাকছে রানীর কনিষ্ঠতম নাতনি সাত বছর বয়সী লেডি লুইস উইন্ডসর।ব্রিটিশ রাজপ্রাসাদ সূত্রের বরাত দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, কনের সহচরীদের মধ্যমণি হবে লুইস। এ পছন্দ খোদ মিডলটনের। আর এ খবর জেনে প্রিন্স এডওয়ার্ড ও তাঁর স্ত্রী সোফির মেয়ে লুইস তো বেজায় খুশি। বিয়ের দিন কনে মিডলটনকে ঘিরে থাকবে একদল সহচরী। লুইস কিনা থাকবে ওই দলের কেন্দ্রবিন্দুতে। রানি দ্বিতীয় এলিজাবেথের এই কনিষ্ঠতম নাতনিটি দেখতেও ভারি সুন্দর। স্নিগ্ধ স্বভাবের। যদিও চোখে এক ধরনের অস্বাভাবিকতা নিয়ে জন্ম নিয়েছিল মেয়েটি। এ নিয়ে কিছুটা অস্বস্তিও রয়েছে তার। কিন্তু মিতকনে হওয়ার ডাক পেয়ে সব ভুলে উৎফুল্ল সে। লাফিয়ে সারা প্রাসাদ মাতিয়ে তুলছে লুইস। প্রাসাদের অপর একটি সূত্রে জানা গেছে, মেয়ের খুশিতে মাও খুশি। কেটকে ইতিমধ্যে তিনি সেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। সেই সঙ্গে প্রাসাদের অন্দর মহলের জীবনে স্বাগত জানিয়ে নানা পরামর্শও দিয়েছেন।অন্যদিকে বিয়েতে প্রিন্স উইলিয়ামের প্রধান সহচর হিসেবে থাকছেন তাঁর ছোট ভাই প্রিন্স হ্যারি।এদিকে রাজপরিবারের বিয়েসহ বিভিন্ন উৎসবে অন্তত ৪০ বছর ধরে কেক সরবরাহ করে আসা অ্যান্ড্রু ডেভিসনস বেকারি কিছুটা হতাশ। প্রিন্স উইলিয়ামের বাবা চার্লস ও মা ডায়ানার বিয়ের কেকও সরবরাহ করে এই বেকারি। কিন্তু এবার উইলিয়াম ও কেটের বিয়ের কেক সরবরাহ করার অনুমতি চেয়ে আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছে ওই বেকারি। বেকারির মুখপাত্র লিজ ডেভিডসন হতাশা প্রকাশ করে বলেন, ‘যত দূর জানা গেছে, কেটের পছন্দের লোক দিয়েই এবার বিয়ের কেক বানানো হবে। যাক গে, আমাদের পক্ষ থেকে বিয়েতে সৌজন্য কেক পাঠানো হবে।’কেট-উইলিয়ামের বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আগামী ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে। রাজপরিবার তো বটেই, এই আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান উদ্যাপন নিয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এপি ও পিটিআই অনলাইন।