বিয়ের খরচ বাঁচাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দামি গাড়ি, হেলিকপ্টার বা বিমানে চড়ে বিয়ে করা নতুন কিছু নয়। নৌযান বা ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করাটাও এমন কিছু নয়। আকাশে প্যারাসুটে করে ভাসমান অবস্থায়ও বিয়ে হয়েছে। মানুষের শখ-আহ্লাদের যেন শেষ নেই। তাই বলে মাটি কাটার যানে (ডিগার) করে বিয়ে! এমন কাণ্ডই করেছেন এক চীনা জুটি। বর-কনে উভয়ের সম্মতিতে মহা ধুমধামে এ বিয়ে হয়েছে। ঝাং জংকিয়াং (৩৫) ভারী যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় কাজ করেন। বিয়ের খরচ বাঁচাতে গাড়ির পরিবর্তে তিনি ডিগার ভাড়া করেন। প্রথম দিকে কনে ই ইয়ুজি (২৬) এতে আপত্তি জানালেও পরে রাজি হয়েছেন। ডিগারে চড়ে বিয়ে করলেও তাঁদের আমোদ-ফুর্তিতে এতটুকু কম হয়নি। বরং চারদিকে শোরগোল পড়ে যায়। গাড়িতে করে প্রচলিত ধারায় বিয়ে করলে এতখানি আলোচনায় না-ও আসতে পারতেন তাঁরা।বিয়েতে মোট ছয়টি ডিগার ভাড়া করা হয়। প্রতিটি ডিগার সুন্দর করে সাজানো হয়। রিবন ও বেলুন দিয়ে আকর্ষণীয় করে তোলা হয় ডিগারগুলোকে। চীনের মধ্যাঞ্চল হেনান প্রদেশের পিংডিংশানে কয়েক দিন আগে এ বিয়ে হয়। জংকিয়াং বলেন, তাঁর পরিকল্পনা সফল হয়েছে। অনেকে ঘর থেকে বাইরে এসে তাঁদের বিয়ে দেখেছেন। তিনি বলেন, ‘বিয়ের খরচ বাঁচাতে গাড়ির পরিবর্তে ডিগারে চড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। কিন্তু দিনশেষে এটা বিশেষ কিছুতেই পরিণত হয়।’কনে ইয়ুজি বলেন, প্রথমে এভাবে বিয়ে করার ঘোর বিরোধী ছিলেন তিনি। কিন্তু জংকিয়াংয়ের জোরাজুরিতে পরে রাজি হন। জংকিয়াং তাঁকে বলেন, এভাবে বিয়ে করলে তা হবে স্মরণীয় একটা ঘটনা। ইয়ুজি বলেন, ‘ডিগারের বাকেটে (যে অংশ দিয়ে খননকাজ করা হয়) দাঁড়িয়ে যাওয়ার সময় ঠান্ডায় মরে যাচ্ছিলাম। তারপরও টুঁ শব্দ করিনি। আমি ছিলাম খুবই আবেগতাড়িত। জংকিয়াংয়ের হাত শক্ত করে ধরে ছিলাম, যাতে ঘুমের ঘোরে বাকেট থেকে বাইরে পড়ে না যাই।’বিয়ের বিশাল ডিগারবহরটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোথাও কোথাও যানজট পরিস্থিতির তৈরি করেছিল। কিন্তু পুলিশের তৎপরতায় তা হয়নি। পুলিশের এ আন্তরিক ভূমিকায় নবদম্পতিও তাদের নিরাশ করেননি। তাদের সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন। অরেঞ্জ অনলাইন।