বিয়ের গাড়িবহরে ড্রোন হামলায় নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে গত বৃহস্পতিবার একটি বিয়ের গাড়িবহরে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় ১৭ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই সাধারণ মানুষ। হাসপাতাল ও নিরাপত্তা সংস্থাগুলো এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিয়ে অব্যাহত সমালোচনার মধ্যেই নতুন এ ঘটনাটি ঘটল।

সরকারি এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, দেশের মধ্যাঞ্চলের রাদা শহরের কাছে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ড্রোন হামলায় নিহতদের মধ্যে কয়েকজন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। কিন্তু বাকি সবাই ছিল সাধারণ মানুষ। জিহাদি কোনো সংগঠনের সঙ্গে তারা জড়িত ছিল না।

নিরাপত্তা সংস্থা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিয়ের গাড়িবহরের ওপর ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলায় নিহত ১৭ জনের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এঁরা হলেন, সালেহ আল তেইস ও আবদুল্লাহ আল তেইস। আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়েমেন সরকার ঘোষিত ফেরারির তালিকায় তাঁদের নাম ছিল। এএফপি।