বিয়ের জন্য শুভ চীনা চান্দ্রবর্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাপ্রাচীরের দেশ চীনে ঐতিহ্যবাহী চান্দ্র নববর্ষ শুরু হচ্ছে আজ ৩ ফেব্রুয়ারি। চীনা জ্যোতিষীদের মতে, এবারের চান্দ্রবর্ষ বিয়ের জন্য যেমন শুভ হবে, তেমনি প্রেমিক-প্রেমিকারা অনেকে ছলচাতুরি করেও ফায়দা লুটতে পারবে।চীনের চান্দ্রবর্ষ ১২টি প্রাণীর নাম নিয়ে আবর্তিত হয়। এর মধ্যে চতুর্থ সদস্য হলো খরগোশ। সে অনুযায়ী এবারের চান্দ্রবর্ষ হলো ‘খরগোশের বছর’। আজ থেকে শুরু হয়ে এই চান্দ্রবর্ষ শেষ হবে আগামী বছরের ২২ জানুয়ারি।হংকংয়ের জোতিষী অ্যান্থনি চেং ভবিষ্যদ্বাণী করেছেন, খরগোশের বছর হবে অস্বাভাবিক রোমাঞ্চের বছর। এ বছর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠবে অনেক বেশি। এমন অনেক নারী-পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, যাদের বয়সের ব্যবধান অনেক। তবে স্বামী-স্ত্রী যাঁরা নিজেদের বন্ধন আরও শক্তিশালী করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য বছরটি শুভ হতে পারে বলে জানিয়েছেন চেং। তিনি বলেন, খরগোশের বছর বিয়ের জন্য শুভ সময়। এ বছর অনেক বেশি বিয়ে হবে। অনেক বিখ্যাত ব্যক্তিকেও বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে।অ্যান্থনি চেংয়ের মতে, নতুন বছরে নারীর স্বাস্থ্যগত সমস্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হবে। তিনি ঠান্ডাসহ বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে রক্ষা পেতে কাজ করার টেবিলে লাউয়ের পাত্র দিয়ে তৈরি বিশেষ খোলস রাখার পরামর্শ দিয়েছেন নারীদের। এ জন্য সহকর্মীরা কী মনে করলেন, তা বিবেচনায় না নেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানান।চেং জানান, এবার আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশসহ ভারত, পাকিস্তান, ও কোরিয়ায় রেল দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এবং বড় বড় ভবন ও সেতু ধসের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া রাশিয়া ও চীনে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।পিটার সো নামের একজন জ্যোতিষী বলেন, নতুন বছরে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের নারীভাগ্য ভালো যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বছরটি কাটবে গড়পড়তাভাবে।জ্যোতিষী অ্যালিয়ন ইয়োর ভবিষ্যদ্বাণী, নতুন বছরে যুক্তরাষ্ট্র, কানাডা ও তাইওয়ানের মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। বিশ্বের আবহাওয়া হবে চরমভাবাপন্ন। অর্থাৎ, কখনো তীব্র শীত আবার কখনো প্রচণ্ড গরমের মুখোমুখি হতে হবে বিশ্ববাসীকে। চীনের সংস্কৃতি অনুযায়ী অনেকেই জ্যোতিষীদের এ ধরনের ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে এবং সে অনুযায়ী কাজও করে থাকে। এএফপি।