বিয়ের পিঁড়িতে মিডিয়া মোগল মারডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপার্ট মারডক ও জেরি হল। ছবি: রয়টার্স
রুপার্ট মারডক ও জেরি হল। ছবি: রয়টার্স

মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক (৮৪) অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হলকে (৫৯) বিয়ে করতে যাচ্ছেন। দুজনের প্রথম দেখা হওয়ার চার মাসের মধ্যেই বিয়ের ঘোষণা দিলেন তাঁরা। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক মারডকের এটি হবে চতুর্থ বিয়ে।
বিবিসির খবরে বলা হয়, গত বছরের অক্টোবরে লন্ডনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যেকার রাগবি বিশ্বকাপের ফাইনাল খেলার দিনে রুপার্ট মারডক ও জেরি হলে দেখা হয়। গত সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসে ৭৩ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস উৎসবে বাগদান সম্পন্ন করেন মারডক ও জেরি। মারডকের মালিকানাধীন টাইমস পত্রিকায় এই বিয়ের খবরটি প্রকাশিত হয়। তবে এখনো তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি।
রুপার্ট মারডক এর আগে প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক আন্না টর ও সবশেষ ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। ওয়েন্ডির সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয় মারডকের। তবে জেরি হল সংগীতশিল্পী স্যার মিক জ্যাগারের সঙ্গে ২৩ বছর একসঙ্গে ছিলেন। জ্যাগার ও হলের চারটি সন্তান আছে। ’৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকা শুরু করেন।
ফোর্বস ম্যাগাজিনের গত বছরের তথ্য মতে, রুপার্ট মারডক ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ ১১ দশমিক ২ বিলিয়ন ডলার। বর্তমানে নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান বিশ্বের ৭৭তম ধনী ব্যক্তি। ২২ বছর বয়সে সংবাদপত্রে ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের পাঁচটি দেশে ১২০টি পত্রিকার মালিক মারডক ও তাঁর এই পরিবারের সদস্যরা।