বীভৎস নির্যাতনের শিকার ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু জায়িদ সব কাজ এখন ডান হাতে করার চেষ্টা করেন। কারণ তাঁর বাঁ হাতটি নেই। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবির সামনে মাথা নত করতে রাজি হননি বলে তাঁর হাত বিস্ফোরণে গুঁড়িয়ে দিয়েছে কারারক্ষীরা। জায়িদ একা নন। সিরিয়ায় গণতন্ত্রপন্থী অগণিত বিক্ষোভকারী এ রকম বীভৎস নির্যাতনের শিকার হয়েছেন। দেশটির মানবাধিকারকর্মীদের দাবি, গত মার্চ থেকে এ পর্যন্ত সাত হাজারেরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। জায়িদ গত ডিসেম্বরে আরও কয়েক হাজার শরণার্থীর সঙ্গে নিজের দেশ থেকে পালিয়ে আশ্রয় নেন জর্ডানে। সেখানে ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে। নির্যাতনের সেই দুঃসহ স্মৃতি তাড়া করে তাঁকে। চার সন্তানের জনক ৩৪ বছর বয়সী জায়িদ বলেন, ‘দারা শহরে আসাদবিরোধী একটি মিছিলে অংশ নেওয়ার অপরাধে আমাকে আটক করা হয়। পরে একটি ভূগর্ভস্থ কক্ষে আটকে রেখে চালানো হয় বীভৎস নির্যাতন। ওরা আমাকে বেদম পেটাত। কখনো বৈদ্যুতিক শক দিত। অন্তত ১৫ দিন ধরে আমার ওপর নির্মম নির্যাতন চলে।’জর্ডানের সীমান্তবর্তী এই দারা শহরকে প্রায় ১১ মাস ধরে চলা আসাদ সরকারবিরোধী বিক্ষোভের সূতিকাগার বলা হয়। এই শহরের একজন ফেরিওয়ালা জায়িদ বলেন, ‘আসাদের বাহিনী স্কুলশিক্ষার্থীদের গ্রেপ্তার করে আমার কক্ষে ঢুকাত। ওদের দেখে আমি ক্রুদ্ধ হয়ে উঠতাম। রাগে-দুঃখে আগপাছ চিন্তা না করেই আসাদকে অভিশাপ দিতাম। একদিন কারারক্ষীরা তাঁর (আসাদের) একটি ছবি এনে আমার সামনে রাখে। ওরা আমাকে বেদম প্রহার করে। এরপর ওই ছবির সামনে মাটিতে শুয়ে শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমাকে নির্দেশ দেয়। নির্দেশ পালন করিনি বলে ওরা আমার হাত উড়িয়ে দেয়। আমার চেতনা লোপ পায়। এরপর টের পাই হাসপাতালে শুয়ে আছি।’সিরিয়ার অধিকাংশ বিদ্যালয় এখন বন্ধ। অনেক বিদ্যালয় এখন নির্যাতনশালা হিসেবে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের টুঁটি চেপে ধরতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশেষ করে শিশুদের বিশেষভাবে টার্গেট করেছে। জাতিসংঘের শিশু তহবিল বলছে, সিরিয়া অব্যাহত সহিংসতায় অন্তত ৪০০ শিশু নিহত হয়েছে। আরও অন্তত ৪০০ শিশুকে আটক করা হয়েছে। এই শিশুদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন করারও অভিযোগ উঠেছে।এমএসএফের প্রেসিডেন্ট ম্যারি-পিয়েরে অ্যালি বলেছেন, এখন সিরিয়ায় আহত রোগী ও চিকিৎসকদের ধাওয়া করছে নিরাপত্তাকর্মীরা। ওষুধকেও ব্যবহার করা হচ্ছে নির্যাতনের হাতিয়ার হিসেবে।হারেকি (৭০) নামের একজন ডায়াবেটিক রোগী এএফপিকে বলেন, ‘কারাগারে ওরা আমাকে জোর করে অন্তত দুই লিটার পানি পানে বাধ্য করে। একপর্যায়ে আমার প্রস্রাবের বেগ হয়। কিন্তু ওরা আমাকে শৌচাগারে যেতে দেয় না। আমি যাতে প্রস্রাব ত্যাগ করতে না পারি এ জন্য ওরা রাবারের বন্ধনী পরিয়ে দেয়। নির্মাণশ্রমিক হারেকির বাহুতে নির্যাতনের কালশিরে দাগগুলো এএফপির প্রতিবেদককে দেখান। হারেকি বলেন, ‘আমি তখন অসহ্য ব্যথায় কাতরাচ্ছিলাম। প্রহরীদের অনুনয়-বিনয় করেছি। ওদের বলেছি, তোমরা আমাকে যা-ই করতে বলবে আমি তা-ই করব।’ প্রায় ২২ দিন ধরে হারেকির ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। নির্যাতনে তাঁর ডান পায়ের একটা আঙুল খসে গেছে। হারেকি বলেন, ‘কর্তৃপক্ষ আমার কাছ থেকে জোর করে একটি ভুয়া স্বীকারোক্তিতে সই করায়। এতে বলা হয়, বিক্ষোভ চলাকালে আমি একটি থানায় আগুন দিয়েছিলাম।’ হারেকি বলেন, ‘গত নভেম্বরে প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে কারারক্ষীরা আমার বাঁ পায়ের ওপর জ্বলন্ত কয়লা ছুড়ে মেরেছিল। এরপর সেখানে গরম পানি ঢেলে দেয়। এক রক্ষীর পদাঘাতে আমার পায়ের আরেকটি আঙুল ভেঙে যায়।’জর্ডানের রাজধানী আম্মানে রেডক্রসের হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম নামের সিরীয় এক যুবক বলেন, ‘একজন আহত বিক্ষোভকারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা আমাকে পিটিয়ে আহত করে।’ তিনি বলেন, ‘সেনারা আমার চোখের সামনে বেশ কয়েকজন আহত বিক্ষোভকারীকে গুলি করে মেরেছে। এভাবে যে কতজনকে তারা হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই।’ এএফপি।