বীরপুরুষের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুল্লা কায়সার
শহীদুল্লা কায়সার

২০০৬ সালে আমি আব্বুকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রের কাজ শুরু করেছিলাম। চিন্তাটি ছিল নতুন প্রজন্মকে জানানো—কেন শহীদুল্লা কায়সার জাতির গর্ব, নতুন প্রজন্মের দর্শন। যতই আমি আব্বুর জীবনীর গভীরে গিয়েছি, ততই বিস্মিত হয়েছি—মানুষটি মাত্র ১৭ বছর বয়সে তাঁর রাজনৈতিক দর্শনের সূচনা করেছেন। ১৯৪৬-এর দেশভাগ, ১৯৪৮ সাল থেকে আত্মগোপন, বায়ান্নর ভাষা আন্দোলনে প্রথম ব্যারিকেড ভেঙে পুলিশকে ছত্রভঙ্গ করা এবং সালাম-বরকতদের মিছিলকে সামনে থেকে নিয়ন্ত্রণ করা, আবার গ্রেপ্তার হওয়া, ১৯৫৬ সালে কারাগার থেকে বের হয়ে আবারও ১৯৫৮ সালে ১৪৪ ধারায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ কারাজীবন গ্রহণ করা—এই সবকিছু আমাকে বিস্মিত, আন্দোলিত, আবেগপ্রবণ ও গর্বিত করে বারবার।
তাঁর দীর্ঘ কারাজীবনে তিনি লিখেছেন রাজবন্দীর রোজনামচা, সারেং বৌ, সংশপ্তক-এর মতো অসাধারণ গ্রন্থগুলো, যা জাতির সম্পদ। বইগুলো সাধারণ মানুষের জীবন, দর্শন, দুঃখ-বেদনা ও নির্মল আনন্দকে ধারণ করে। জীবনবোধকে লালন করে। ১৯৬৪ সালে কারাজীবন থেকে বেরিয়ে দৈনিক সংবাদ পত্রিকায় চাকরি নেওয়া এবং জীবনের প্রায় শেষ প্রান্তে এসে আমার মাকে ভালোবেসে সাংসারিক জীবনে প্রবেশ করা—তারপর মাত্র দুই বছর নয় মাসের সংসারজীবনে কিছু ব্যক্তিগত সুখ খুঁজে পাওয়া—এ সবকিছুই যেন একটি স্বপ্ন। তারপর একাত্তরের ১৪ ডিসেম্বর অপহূত হওয়া।
এই মহান পুরুষটি আমার বাবা। যিনি জীবনে যৌবনের বেশির ভাগ সময় নিঃসঙ্গে কাটিয়েছেন কারাগারে। কারাবাসকে সানন্দে গ্রহণ করেছেন। যৌবনের জাগতিক সব চাওয়া-পাওয়াকে উপেক্ষা করে জীবন উৎসর্গ করেছেন মানবকল্যাণে। যে দর্শন ১৭ বছর বয়সে তিনি গ্রহণ করেছেন, তাতেই আবর্তিত ছিল তাঁর পুরো জীবন; এমনকি ১৪ ডিসেম্বর সন্ধ্যায় যখন তাঁকে আলবদর বাহিনী খুঁজতে আসে, সেদিনও আত্মবিশ্বাসী আমার বাবা একমুহূর্তের জন্যও তাঁর স্ত্রী, দুটি সন্তানের ভবিষ্যতের কথা ভ্রুক্ষেপ না করে বীর পুরুষের মতো জীবন

সন্তানদের সঙ্গে শহীদুল্লা কায়সার (লেখকের কোলে ছোট ভাই অমিতাভ)
সন্তানদের সঙ্গে শহীদুল্লা কায়সার (লেখকের কোলে ছোট ভাই অমিতাভ)

দিয়ে গেলেন।
তাঁর ডায়েরিগুলো যখন পড়ি, তখন আমার চোখ ভিজে যায়। এই মানুষটি ভালোবেসেছেন মানুষকে আর মনুষ্যবোধকে। ১৪ ডিসেম্বর সকালে বাবা স্বপ্ন দেখছিলেন মুক্ত বাংলাদেশের, যে বাংলাদেশ বঙ্গবন্ধুর, ৩০ লাখ শহীদের, রবীন্দ্রনাথের, নজরুলের, কৃষকের আর মেহনতি মানুষের—যাঁরা ছিলেন মুক্তির পিয়াসী। যাঁরা তৈরি করতে চেয়েছেন এমন সমাজ, যে সমাজ সততা, মুক্তচিন্তা, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা, পরপস্পর শ্রদ্ধাবোধ নিয়ে আবর্তিত হবে। যে জাতির গঠনে থাকবে আত্মসম্মানবোধ।
স্বাধীনতার মাত্র দুদিন আগে পরিকল্পিতভাবে বাবা এবং বাবার মতো দেশপ্রেমী, মুক্তিকামী অসাধারণ মানুষগুলোকে মেরে ফেলা ছিল পরিকল্পিত। এই পরিকল্পিত অপরাধ তারা করেছে দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য। তাদের কোনো ক্ষমা হতে পারে না। তাদের শাস্তি—ফাঁসি; এই বাংলাদেশের মাটিতে।
শহীদুল্লা কায়সারের মতো একজন দেশপ্রেমিক, নির্ভীক সৈনিক, স্নেহময় স্বামী ও পিতা এবং সর্বোপরি একজন সাহসী পুরুষ, যিনি কাছের মানুষগুলোকেই শুধু ভালোবাসেননি, তাঁর ভালোবাসার উষ্ণতায় সিক্ত হয়েছে অনেক পরিচিত-অপরিচিত মানুষ।
যারা এমন মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা চায়নি গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাংলাদেশ, আত্মবিশ্বাসী বাংলাদেশ। যে সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলন ’৫২ থেকে আমাদের ’৭১-এ নিয়ে এসেছে, সেই ’৭১-এর শত্রুরা কাপুরুষের মতো ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা ঘৃণ্য, ঘৃণ্য এবং শুধুই ঘৃণ্য। এই অপরাধ ক্ষমার অযোগ্য।
শমী কায়সার: শহীদ শহীদুল্লা কায়সারের মেয়ে