ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় মোড়লদের আদেশে একজন উপজাতি তরুণীকে গণধর্ষণের ঘটনা তদন্তে একজন বিচারককে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ঘটনাটিকে ‘বিরক্তিকর’ আখ্যা দিয়ে সর্বোচ্চ আদালত বীরভূম জেলা জজকে ঘটনাস্থল পরিদর্শন করতে এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। একই সঙ্গে রাজ্য সরকারকেও নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ভিন্ন সম্প্রদায়ের একজন তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের ‘অপরাধে’ ওই নারীকে গণধর্ষণের নির্দেশ দেন গ্রামের মোড়লেরা। মোড়লদের নির্দেশে তাঁকে গত সোমবার রাতে ১৩ জন পুরুষ গণধর্ষণ করে। এ ঘটনায় গ্রাম-প্রধানসহ ১৩ জনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
দিল্লিতে চলন্ত বাসে একজন মেডিকেলছাত্রী গণধষর্ণের শিকার হওয়ার পর থেকে ভারতে যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরে যৌন হয়রানি বন্ধে সরকার কঠোর আইন চালু করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যশিবমের নেতৃত্বে তিনজন বিচারকের একটি বেঞ্চ গতকাল শুক্রবার ওই নারীকে গণধর্ষণের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। বেঞ্চ মামলার পরবর্তী শুনানির জন্য ৩১ জানুয়ারি ধার্য করেন।