বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন ২০১০ সালের বুকার পুরস্কার পেলেন। হাস্যরসাত্মক উপন্যাস দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন-এর জন্য গতকাল মঙ্গলবার তাঁকে সাহিত্যের এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়।দুইবার বুকার পাওয়া পিটার ক্যারি ও সম্ভাব্য বিজয়ী হিসেবে আলোচিত টম ম্যাকার্থিসহ পাঁচজনকে টপকে পুরস্কার পেলেন জ্যাকবসন। এর আগে দুইবার বুকারের দীর্ঘ তালিকায় নাম উঠলেও এবারই প্রথম তিনি শর্ট লিস্টে আসেন। প্রায়ই বিভিন্ন বড় সাহিত্য পুরস্কারের তালিকায় উঠেও শেষ পর্যন্ত পুরস্কার না পাওয়ার জন্য সুপরিচিত ছিলেন জ্যাকবসন। পুরস্কার নেওয়ার সময় এ নিয়ে মজা করে তিনি বলেন, ‘আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভাগ্যিস, আগে একটা বক্তব্য লিখে রেখেছিলাম। এটা ১৯৮৩ সালে লেখা। হ্যাঁ, এত দিন ধরেই অপেক্ষা করছিলাম।’দুই বাল্যবন্ধু ও তাদের শিক্ষককে নিয়ে দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন-এর কাহিনী। এর মূল চরিত্র বিবিসির সাবেক প্রযোজক জুলিয়ান ট্রেসলাভ, যে কিনা ইহুদি না হয়েও ইহুদি ভাব ও সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে। গল্পে তার দুটি ইহুদি বন্ধু থাকে।প্রধান বিচারক ব্রিটেনের প্রখ্যাত সাহিত্যিক অ্যান্ড্রু মোশন বলেন, ‘বইটি অসাধারণ! মজাদার তো অবশ্যই, সেই সঙ্গে এতে রয়েছে দুঃখ ও বুদ্ধিদীপ্ততা আর সূক্ষ্মতার অসাধারণ সংমিশ্রণ। বইটি এ বিরাট পুরস্কারের নায্য দাবিদার।’এবারই প্রথমবারের মতো কোনো হাস্যরসাত্মকধর্মী উপন্যাসের জন্য এ পুরস্কার দেওয়া হলো। জ্যাকবসনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ পত্রিকাগুলো। ইনডিপেনডেন্ট লিখেছে, ‘এ বইটি পুরস্কার পাবে না বলেই ধরা হয়েছিল যার প্রধান একটি কারণ, উচ্চমার্গীয় রুচির বিচারকদের কোনো হাস্যরসাত্মক লেখা এ পর্যন্ত আকর্ষণ করতে পারেনি।’৬৮ বছর বয়সী হাওয়ার্ড জ্যাকবসন এ পর্যন্ত ১৫টি উপন্যাস লিখেছেন। এবারের বুকার পুরস্কারের জন্য অন্য আলোচিত বইগুলো হচ্ছে টম ম্যাকার্থির সি (C), পিটার ক্যারির প্যারট অ্যান্ড অলিভিয়ের ইন আমেরিকা, ডেমন গ্যালগাটসের ইন এ স্ট্রেঞ্জ রুম এবং এমা ডনাঘিউয়ের রুম। এ পুরস্কারের জন্য জ্যাকবসন সম্মাননা ছাড়াও নগদ পাবেন ৫০ হাজার পাউন্ড। তবে অর্থমূল্যই বুকারের মূল আকর্ষণ নয়। বুকার পুরস্কারপ্রাপ্ত বই বিশ্বব্যাপী লাখ লাখ কপি বিক্রি হবে বলে নিশ্চিত ধরে নেওয়া যায়। কমনওয়েলথভুক্ত দেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের লেখকদের ইংরেজি ভাষায় লেখা গল্প-উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এপি, এএফপি।