বুট্রোস-ঘালি আর নেই
জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস-ঘালি আর নেই। ৯৩ বছর বয়সী বুট্রোস-ঘালি গতকাল মঙ্গলবার মিসরের কায়রোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা পালন করা হয়। খবর এএফপির।
বিবিসি জানায়, বুট্রোস-ঘালি মেরুদণ্ডের সমস্যা নিয়ে কায়রোর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বুট্রোস-ঘালি ছিলেন জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার সংকটের কারণে তাঁর সময়কালকে জাতিসংঘের অন্যতম কঠিন সময় হিসেবে বিবেচনা করা হয়।
মিসরের নাগরিক বুট্রোস-ঘালি ছিলেন প্রথম আরব ব্যক্তি, যিনি জাতিসংঘের উচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে মিসরের পররাষ্ট্রমন্ত্রী ও দক্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিভিন্ন মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বুট্রোস-ঘালির সম্পর্কের অবনতি হয়। যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণেই দ্বিতীয় দফায় মহাসচিব হতে পারেননি তিনি।