আল-কায়েদার নতুন প্রধান আইমান আল-জাওয়াহিরি আলজেরীয়দের প্রতি দেশটির প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ত্রিপোলির দখল নেওয়ায় লিবিয়ার বিদ্রোহীদের প্রশংসাও করেছেন তিনি।নতুন প্রচারিত একটি ভিডিওবার্তায় আল-কায়েদার প্রধান জাওয়াহিরি এসব কথা বলেছেন। মার্কিন পর্যবেক্ষণকারী সংস্থা এসআইটিই জাওয়াহিরির ১৩ মিনিটের ভিডিওবার্তাটি অনুবাদ করেছে।আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের উত্তরসূরি জাওয়াহিরি ভিডিওবার্তায় দেশটির দীর্ঘ সময়ের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর দেশটির পুনর্গঠনে ন্যাটো-সমর্থিত বিদ্রোহীদের প্রতি শরিয়া আইন অনুসরণ করারও আহ্বান জানিয়েছেন।পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ‘পশ্চিমা চক্র’ উল্লেখ করে লিবিয়ার বিদ্রোহীদের উদ্দেশে জাওয়াহিরি বলেন, ‘প্রথম জিনিস হচ্ছে, ন্যাটো আপনাদের বলবে ইসলাম ত্যাগ করতে।’ তিনি বলেন, ‘কাজেই নিজেদের নতুন রাষ্ট্রের পুনর্গঠনের সময় পশ্চিমা তল্পিবাহকদের ষড়যন্ত্র সম্পর্কে সাবধান হোন। তাদের প্রতারণা করার এবং আপনাদের কষ্টার্জিত অর্জনকে চুরি করার কোনো সুযোগ দেবেন না।’ভিডিওতে জাওয়াহিরি বলেন, ‘স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ায় আমি লিবিয়ায় আমাদের লোকদের অভিনন্দন জানাচ্ছি এবং আলজেরিয়ায় আমাদের লোকদের প্রতি আমি লিবিয়ার বিদ্রোহীদের পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।’ তিনি আলজেরিয়ার জনগণের উদ্দেশে বলেন, ‘তিউনিসিয়ার পর লিবিয়াতেও আপনাদের ভাইয়েরা দুই স্বৈরশাসককে উৎখাত করেছে। তাহলে আপনারা কেন স্বৈরশাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না?’ এএফপি।