বুদ্ধদেবের দাবি, পশ্চিমবঙ্গ মোদি হাওয়ায় ভাসেনি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, করপোরেট দুনিয়া ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে হাত মিলিয়ে সংবাদমাধ্যমের একাংশই ‘মোদি হাওয়া’ সৃষ্টি করছে। তাঁর দাবি, রাজ্যের মানুষ ‘মোদি হাওয়ায়’ ভাসেনি। তার পরও বিজেপিকে সমর্থন করার মতো ‘মারাত্মক ভুল’ না করার জন্য পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য।
গতকাল শুক্রবার কলকাতা প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি দেশের ক্ষমতায় এলে সমূহ বিপদ দেখছেন তিনি।
প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব বলেন, মোদির যে ‘গুজরাট মডেল’ এর কথা বলা হচ্ছে, তা নিয়ে বিজেপি দলের সর্বোচ্চ স্তরেই মতপার্থক্য রয়েছে। উন্নয়নের ওই মডেল পশ্চিমবঙ্গ কেন, গোটা দেশের পক্ষেই গ্রহণযোগ্য নয়। মোদির এই উন্নয়নের মডেলে আদতে বৃহৎ পুঁজিকে লাগামহীন স্বাধীনতা দেওয়া হয়। যার অর্থ, মুনাফার পথে কোনো বাধা বা নিয়ন্ত্রণ থাকা চলবে না।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এক প্রশ্নের উত্তরে বলেন, দেশে মোদির পক্ষে কিছুটা হাওয়া তৈরি হলেও পশ্চিমবঙ্গে এ হাওয়া নেই। এ রাজ্যের মানুষ দাঙ্গাহাঙ্গামা চায় না, তারা মোদির রাজনীতিকে মেনে নেবে না। আরএসএস দেশের সংবিধান মানে না। তারা ক্ষমতায় এসে হিন্দুদের রাজত্ব কায়েম করে অন্য সবাইকে গুঁড়িয়ে দিতে চায়। পশ্চিমবঙ্গবাসীর কাছে তাই বুদ্ধদেবের আবেদন, ‘বিজেপিকে সমর্থন করার মতো মারাত্মক ভুল করবেন না।’
যে সিঙ্গুর-নন্দীগ্রাম কৃষক আন্দোলনের জোরে শেষ পর্যন্ত বামপন্থীরা ক্ষমতা হারায় সে প্রসঙ্গে বুদ্ধদেব বলেন, ‘আমরা শিল্পায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলাম। শুধু কৃষিভিত্তিক অর্থনীতি দিয়ে রাজ্যের উন্নতি হবে না। সিঙ্গুরে আমরা কখনোই জোর করে কৃষি জমি নিইনি। ৮০ শতাংশ মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল। নন্দীগ্রামে কৃষকেরা আপত্তি জানানোয় আমরা জমি অধিগ্রহণে হাতই দিইনি।’