সাবানের ফেনায় তৈরি একটা বুদ্বুদ্। তার ভেতরে দাঁড়িয়েছিল ২৭৫ জন ছাত্রছাত্রী। সঙ্গে একটা মোটরগাড়িও ছিল। চেক প্রজাতন্ত্রের বুদ্বুদ্-শিল্পী মাতেজ কোদেস গত বুধবার এই প্রদর্শনী করেছেন। জাতীয় পর্যায়ে এটা রেকর্ড। কোদেস আশা করছেন, এটা বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পাবে।
১১ মিটার দৈর্ঘ্য আর সাড়ে সাত মিটার প্রস্থের একটা আয়তাকার
জায়গা ঘিরে কোদেস ওই বুদ্বুদ্ বানিয়েছেন। ভেতরে হাইস্কুল পর্যায়ের ওই ছাত্রছাত্রীরা কয়েক সেকেন্ড ছিল। তারপরই বুদ্বুদ্টা ফেটে যায়। উচ্চতা যাদের পাঁচ ফুট এক ইঞ্চির বেশি, কেবল তারাই এই প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। চেক বুক অব রেকর্ডসের একজন প্রতিনিধি পুরো আয়োজনের তত্ত্বাবধান করেছেন। তারপরই প্রতিষ্ঠানটি বুধবারের ওই প্রদর্শনীকে রেকর্ড ঘোষণা করে। চেক প্রজাতন্ত্রের ম্লাদা বোলেস্লাভ শহরে এটা অনুষ্ঠিত হয়।
কোদেস ২০০৮ সাল থেকে এ রকম বুদ্বুদের খেলা দেখাচ্ছেন। ২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। সেবার তিনি ২১৪ জনকে একটা বুদ্বুদের ভেতরে রাখতে পেরেছিলেন। গিনেস রেকর্ড অনুযায়ী, সেটাই একটিমাত্র সাবানের বুদ্বুদের ভেতরে সবচেয়ে বেশি মানুষের দাঁড়ানোর রেকর্ড।